“ভোটার তালিকা থেকে নাম গায়েব করে ভোট চুরি!” মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে আর কী বললেন মমতা?

দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের পর থেকেই জাতীয় রাজনীতিতে পারদ চড়েছে। এবার বাংলার ভোটের ফল এবং এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে সাংবিধানিক সংস্থাকে ব্যবহার করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং ভোট চুরি করা হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করে তিনি কটাক্ষ করেন এবং কমিশনের আইটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা সীমা খান্নার ভূমিকা নিয়েও প্রকাশ্যেই প্রশ্ন তোলেন। তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, দেশের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব যাদের কাঁধে, তারা যদি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধার জন্য কাজ করে, তবে সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত থাকে কী করে?

ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন মমতা। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই অনিয়ম ও চক্রান্তের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয়েছে তাঁর দল। বাংলাসহ বিভিন্ন রাজ্যে যেভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে, তা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপদজনক বলে মত প্রকাশ করেছেন তিনি। আগামী দিনে এই ইস্যুতে বিরোধীদের নিয়ে আরও জোরালো আন্দোলনের পথেই যে তাঁরা হাঁটছেন, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *