স্টেশনের জলে কড়া নজর! মাত্র কদিনেই হাজার হাজার ট্যাঙ্ক সাফ করল রেল, জেনে নিন বিস্তারিত

স্টেশন, রেল দফতর, ওয়ার্কশপ এবং রেল কলোনি—সব জায়গাতেই নিরাপদ ও স্বচ্ছ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে এবার কোমর বেঁধে আসরে নামল পূর্ব রেল। সাধারণ যাত্রী এবং রেল কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রেল পরিসরের সমস্ত পানীয় জলের উৎস এবং জলাধার পরিষ্কার করতে একটি বিশেষ মেগা অভিযান চালানো হয়েছে।

পূর্ব রেলের তরফে সম্প্রতি প্রকাশিত এক তথ্য অনুযায়ী, গত ২০ অগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পূর্ব রেলের চারটি ডিভিশন এবং বিভিন্ন ওয়ার্কশপে মোট ৭,৩৫৮টি জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে ওভারহেড ট্যাঙ্ক, ভূগর্ভস্থ জলাধার এবং পিভিসি (PVC) ট্যাঙ্কও অন্তর্ভুক্ত রয়েছে।

ডিভিশন ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আসানসোল ডিভিশনে সবচেয়ে বেশি অর্থাৎ ২,৪৬৫টি ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি হাওড়া ডিভিশনে ২,১৮৭টি, শিয়ালদহ ডিভিশনে ১,৫৫৩টি এবং মালদহ ডিভিশনে ১,১৫৩টি জলের ট্যাঙ্ক সাফ করা হয়েছে।

শুধু ট্যাঙ্ক পরিষ্কার করাই নয়, জলের গুণগত মান ঠিক রাখতেও কঠোর পদক্ষেপ করছে রেল কর্তৃপক্ষ। বিভিন্ন পানীয় জলের উৎস থেকে নিয়মিত জল সংগ্রহ করে ল্যাবরেটরিতে গুণগত পরীক্ষা চালানো হচ্ছে। জলের গুণমান নির্ধারিত মানদণ্ড বজায় রাখছে কি না, তা নিশ্চিত করতেই এই নজরদারি।

বিশেষ করে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর—এই মাত্র সাত দিনের মধ্যে পূর্ব রেলের বিভিন্ন এলাকায় ১,৪৯৮টি পানীয় জলের উৎসের গুণগত পরীক্ষা সম্পন্ন হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্যাঙ্ক পরিষ্কার করার আগে এবং পরে জলের মানের কী ধরনের পরিবর্তন হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। রেলযাত্রী, রেলকর্মী এবং রেল কলোনির বাসিন্দাদের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই পরিচ্ছন্নতা অভিযান এবং নজরদারি আগামী দিনেও আরও জোরদার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *