বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে নানির ‘দ্য প্যারাডাইস’! প্রথম সপ্তাহেই ছক্কা হাঁকাল কোন কোন রেকর্ড?

বক্স অফিসে নিজেদের দাপট বজায় রেখে প্রথম সপ্তাহেই বড়সড় মাইলফলক ছুঁয়ে ফেলল অভিনেতা নানি এবং পরিচালক শ্রীকান্ত ওদেলার ছবি ‘দ্য প্যারাডাইস’। ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার ৫,৭৭২টি শো থেকে ভারতে ৪.৪০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে এই অ্যাকশন থ্রিলার। এর ফলে দেশের বাজারে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১০১.৫০ কোটি টাকা এবং গ্রস কালেকশন প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি।
শুরুতে বক্স অফিসে দারুণ সাড়া জাগালেও, দর্শকদের একাংশের মিশ্র প্রতিক্রিয়ার কারণে গত কয়েক দিনে ছবির দৈনিক আয় সামান্য কমেছে। যেমন, সোমবার যেখানে ছবিটি প্রায় ৫ কোটি টাকা আয় করেছিল, মঙ্গলবার তার তুলনার কালেকশন কমেছে প্রায় ১২ শতাংশ। তা সত্ত্বেও সামগ্রিক পারফরম্যান্সে ছবিটির বক্স অফিস দৌড় বেশ শক্তপোক্ত বলেই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
বিদেশের বাজারেও সাফল্যের ধারা অব্যাহত
দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও সমান তালে ব্যবসা করে চলেছে ছবিটি। মঙ্গলবার বিদেশের বক্স অফিস থেকে প্রায় ৫০ লাখ টাকার ব্যবসা করেছে ‘দ্য প্যারাডাইস’। এর ফলে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট গ্রস কালেকশন এখন ৩০.৫০ কোটি টাকা। সব মিলিয়ে দেশের ১২০ কোটি টাকার গ্রস কালেকশন এবং বিদেশের আয় যোগ করলে বিশ্বজুড়ে ছবিটির মোট কালেকশন পৌঁছে গিয়েছে ১৫০.৫০ কোটি টাকায়। প্রথম সপ্তাহের এই ঝোড়ো ইনিংসের পর আগামী দিনগুলোতে ছবিটি বক্স অফিসে কতটা আধিপত্য ধরে রাখতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
আশির দশকের সেকেন্দ্রাবাদ ও নানির রাফ অ্যান্ড টাফ অবতার
উল্লেখ্য, ২০২৩ সালের ব্যবসাসফল ছবি ‘দসরা’-র পর ‘দ্য প্যারাডাইস’-এর মাধ্যমে দ্বিতীয়বার জুটি বাঁধলেন নানি ও শ্রীকান্ত ওদেলা। ১৯৮০-র দশকের সেকেন্দ্রাবাদের একটি বস্তি এলাকার পটভূমিতে তৈরি হয়েছে এই অ্যাকশন ড্রামা। ছবিতে ‘জাদাল’ নামের এক রাফ অ্যান্ড টাফ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন নানি। মূলত সামাজিক বৈষম্য এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত এক প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
গত ২৪ সেপ্টেম্বর একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবিতে নানির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কায়াদু লোহার, রাঘব জুয়াল, মোহন বাবু, সোনালী কুলকার্নি এবং সম্পূর্ণেশ বাবু। সেই সঙ্গে দর্শকদের বাড়তি পাওনা হিসেবে একটি বিশেষ চরিত্রে নজর কেড়েছেন কীর্তি সুরেশ।