স্টেজের ওপর শুভশ্রীকে চুমু দেবের! ভাইরাল ভিডিও দেখে কী বলছে নেটদুনিয়া?

আসন্ন পুজোয় প্রেক্ষাগৃহে একগুচ্ছ নতুন ছবি মুক্তির লাইনে থাকলেও, দর্শকদের উন্মাদনা ও হ্যালিপ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যে ছবিটিকে ঘিরে, তা হলো বহুল প্রতীক্ষিত ‘দেশু ৭’। টলিউডের মোস্ট পপুলার জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর সেই উন্মাদনা বাড়িয়ে দিতে ইতিমধ্যেই জোরকদম শুরু হয়ে গেছে ছবির প্রচার। মঙ্গলবার ছবির প্রচারে ত্রিপুরায় হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। আগরতলা বিমানবন্দরে পা রাখতেই দুই তারকাকে স্বাগত জানাতে উপচে পড়া ভিড় জমে যায়। পরবর্তীতে আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’-এর একটি বিশেষ প্রমোশন ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
ত্রিপুরার মঞ্চে দেব-শুভশ্রীর আগুন ঝরানো রসায়ন
এদিনের জমজমাট অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলে অনুরাগীদের মন জয় করেন শুভশ্রী। তবে গোটা অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল দেব ও শুভশ্রীর চিরসবুজ অন-স্ক্রিন কেমিস্ট্রি। ছবির জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এর তালে একসঙ্গে পারফর্ম করেন তাঁরা। আর সেই পারফরম্যান্সের ঠিক মাঝেই আকস্মিকভাবে স্টেজের ওপর শুভশ্রীর কপালে চুমু খেয়ে বসেন দেব! মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং নেটপাড়ায় শুরু হয় তুমুল শোরগোল।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে নানা রকম কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘হায় ভগবান! এরা ছবির প্রচারের জন্য আর কী কী করবে!’ অন্য একজন আবার মজার ছলে লিখেছেন, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে!’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘এরা খুব ভালো করেই জানে বাঙালি দর্শক কী পছন্দ করে। আর ঠিক সেটাই তারা দিচ্ছে।’ তবে সব ছাপিয়ে অনেকেরই মন্তব্য, ‘দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন! উফফ, তোমরা কেন যে একসময় বিয়ে করলে না!’
প্রোমোশন নিয়ে কী বলেছিলেন দেব?
সম্প্রতি কলকাতার একটি স্যালঁোর উদ্বোধনে এসে দেব দাবি করেছিলেন, তাঁকে ও শুভশ্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের নানা জল্পনা ও মন্তব্য তৈরি হয়, তাতে আজকাল নাকি প্রাক্তনের সঙ্গে খোলামেলা কথা বলতেও তাঁর ভয় করে। দুজনেই পুরনো দূরত্ব মিটিয়ে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, আশেপাশের মানুষেরা তা হতে দিচ্ছে না। এমনকী, অভিনেতা দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে যেভাবে তাঁদের নিয়ে জলঘোলা করা হচ্ছে, তাতে আগামী দিনে একসঙ্গে ছবির প্রচার করতেও তিনি ভয় পাচ্ছেন।
কীভাবে এল ‘দেশু ৭’?
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ ছবি দিয়ে ফের একবার বক্স অফিসে দেব-শুভশ্রীর ম্যাজিক ফিরে এসেছিল। যদিও সেই সময় টলিপাড়ার অন্দরে দেব কিছুটা কোণঠাসা ছিলেন এবং ২০২৬ সালের পুজোতে তাঁকে ছবি আনতে দেওয়া হচ্ছে না বলেও বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। আর সেই কঠিন সময়েই দেব সোজা যোগাযোগ করেন শুভশ্রীর সঙ্গে। ডিসেম্বরেই ছবি মুক্তির ঘোষণা করে দেন। দেবের অগাধ বিশ্বাস ছিল, তিনি ও শুভশ্রী বড় পর্দায় ফিরলে ম্যাজিক অবধারিত। শুভশ্রী যখন ‘দেশু ৭’-এর জন্য রাজি হন, তখন ছবির গল্প বা নাম কিছুই চূড়ান্ত হয়নি। কেবল তাঁদের জুটির সপ্তম সিনেমা হিসেবে সাময়িকভাবে এটিকে ‘দেশু ৭’ বলা হয়েছিল, যা পরবর্তীতে অফিশিয়াল নাম হিসেবেই থেকে যায়।
আসন্ন এই বিগ বাজেট ছবিতে দেব ও শুভশ্রী ছাড়াও একঝাঁক প্রথিতযশা তারকাকে দেখা যাবে। অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক এবং লোকনাথ দে-র মতো শক্তিশালী অভিনেতারা এই ছবির অঙ্গ হিসেবে থাকছেন। সবমিলিয়ে পুজোর বাজারে এই জুটির ম্যাজিক বক্স অফিসে কোন রেকর্ড গড়ে, এখন সেটাই দেখার!