“বাংলায় কি খাতা খুলল থালাপতি বিজয়ের দল?”-পার্টি অফিস নিয়ে অবশেষে যা স্পষ্ট করল TVK!

গত কয়েক দিন ধরে তামিলনাড়ুর শাসকদল তামিলাগা ভেটরি কাজাগম (TVK)-এর পশ্চিমবঙ্গে শাখা অফিস খোলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল শুরু হয়েছিল। তবে এই জল্পনা এ বার পুরোপুরি স্পষ্ট করে দিলেন স্বয়ং TVK প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। দলের তরফে একটি স্পষ্ট বিবৃতিতে বিজয় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে TVK-র নামে যে শাখা অফিস খোলা হয়েছে, তার সঙ্গে মূল দলের বিন্দুমাত্র কোনও যোগ নেই। অর্থাৎ, এই অফিসটি আনুষ্ঠানিকভাবে TVK-র নয়। তবে বাংলায় তাঁর বিপুল সংখ্যক ভক্ত ও অনুগামী রয়েছে জেনে আপ্লুত বিজয় অফিস খোলার উদ্যোক্তা ও বাঙালি শুভাকাঙ্ক্ষীদের ‘বেস্ট অফ লাক’ বা শুভকামনাও জানিয়েছেন।

পূর্ব বর্ধমানে প্রথম অফিস ঘিরে বিতর্ক কিছুদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশ পায় যে, বাংলায় নিজেদের প্রথম শাখা খুলেছে থালাপতি বিজয়ের দল। পূর্ব বর্ধমানে একদল লোক নিজেদের TVK-র সমর্থক দাবি করে গত ২৭ সেপ্টেম্বর বেশ ধুমধাম করে একটি শাখা অফিসের উদ্বোধন করেন। সেই সময় তাঁদের দাবি ছিল, তামিলনাড়ু থেকেই সরাসরি নির্দেশ এসেছে বাংলায় দলীয় অফিস খোলার জন্য। যদিও তামিলনাড়ুর বাইরে এই প্রথম যে বিজয়ের অনুরাগীরা অফিস খুললেন তা নয়, এর আগে গত মে মাসে কেরলের ওয়েনাড ও পলাক্কড় জেলা থেকেও এই ধরনের দলীয় কার্যালয় খোলার খবর সামনে এসেছিল।

সংগঠন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই এই মুহূর্তে TVK-র মুখপাত্র সংকভি দিয়ানা তুহিনস্যামুয়েল স্পষ্ট করে জানিয়েছেন যে, তামিলনাড়ুর বাইরে এই মুহূর্তে দলটিকে বিস্তার করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। তাঁদের সমস্ত ফোকাস এখন শুধুই তামিলনাড়ু সরকারের কাজের ওপর। অন্যদিকে, পূর্ব বর্ধমানে স্বঘোষিত TVK সমর্থকদের পার্টি অফিস খোলার পর ওই দলের অন্যতম সদস্য চৈতালি রায় দাবি করেছিলেন যে, বাংলায় তাঁদের ৫ হাজারের বেশি সমর্থক রয়েছে এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তাঁরা এগোচ্ছেন। তবে দলের শীর্ষ নেতৃত্ব এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।

সবমিলিয়ে, বাংলার মাটিতে TVK-র অফিস খোলার নেপথ্যে ভক্তদের আবেগ ও উদ্দীপনা থাকলেও, তাতে দলের কোনো দাপ্তরিক অনুমোদন যে নেই, তা বিজয়ের এই স্পষ্টবার্তায় পরিষ্কার হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *