সিলিন্ডার, এটিএম ও ইলেকট্রনিক্স কেনায় বড় বদল—জেনে নিন পকেট কতটা খালি হবে?

আজ সেপ্টেম্বর মাসের শেষ দিন এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন মাস। অক্টোবর মাসটি শুরু হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও পরিবারে। রান্নার গ্যাসের দাম ও নিয়ম থেকে শুরু করে ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার চার্জ—সবক্ষেত্রেই আসছে বড় বদল। ১ অক্টোবর থেকে ঠিক কী কী পরিবর্তন কার্যকর হতে চলেছে, একনজরে দেখে নিন বিস্তারিত।
১. এলপিজি (LPG) সংক্রান্ত নতুন নিয়ম ও নির্দেশিকা
প্রতি মাসের প্রথম দিনে তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে নতুন দর প্রকাশ করে। ২০২৬ সালের ১ অক্টোবরেও তার ব্যতিক্রম হচ্ছে না। বাণিজ্যিক সিলিন্ডারের দামে এর আগে পরিবর্তন এলেও গার্হস্থ্য সিলিন্ডারের দাম স্থিতিশীল ছিল, এ দফায় নতুন দর কী হয় সেদিকে নজর সবার। পাশাপাশি, আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এলপিজি সংযোগের জন্য বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বা ই-কেওয়াইসি (LPG eKYC) সম্পন্ন করার শেষ সুযোগ রয়েছে। ১ অক্টোবর থেকে ই-কেওয়াইসি না করা থাকলে ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। একই সঙ্গে, ওটিপি বেসড (OTP Based) এলপিজি ডেলিভারি পরিষেবাও শুরু হতে পারে, যেখানে সিলিন্ডার নেওয়ার সময় রেজিস্টার্ড নম্বরে আসা ওটিপি জানানো বাধ্যতামূলক হবে।
২. এভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF-এর দাম পরিবর্তন
মাসের প্রথম দিনে কেবল রান্নার গ্যাস নয়, বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দামও সংশোধন করা হয়। এর ফলে বিমানযাত্রার খরচ বাড়তে বা কমতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন মেট্রো শহরে এটিএফ-এর দাম উচ্চ পর্যায়ে রয়েছে, যা বিমান টিকিটের দামেও প্রভাব ফেলতে পারে।
৩. এসবিআই (SBI) এটিএম ও ক্যাশ তোলার নিয়মে বদল
১ অক্টোবর থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য নগদ টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন আসছে। সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্ট—উভয় ক্ষেত্রেই বাড়তে পারে চার্জ। বেসিক সেভিংস অ্যাকাউন্টধারীরা প্রতি মাসে চারটি ফ্রি লেনদেনের পর প্রতিটি টাকা তোলার জন্য ১৫ টাকা ও জিএসটি দিতে হবে। অন্যদিকে, স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসিক ফ্রি লেনদেনের সীমা ১০ থেকে কমিয়ে ৫ করা হচ্ছে। ফ্রি সীমার পরে টাকা তুললে প্রতি লেনদেনে ২৩ টাকা এবং নন-ফাইন্যান্সিয়াল লেনদেনের জন্য ১১ টাকা ও জিএসটি কাটা হবে।
৪. টিভি, ফ্রিজ ও এসি কেনা হতে পারে ব্যয়বহুল
উৎসবের মরসুমের ঠিক আগে গৃহস্থালির ইলেকট্রনিক্স সামগ্রী কেনা আরও ব্যয়বহুল হতে চলেছে। তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অপরিশোধিত তেলের মতো প্রধান কাঁচামালের দাম বাড়ার কারণে টিভি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের দাম প্রায় ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পিটিআই-এর রিপোর্টে জানানো হয়েছে।
৫. ফিক্সড ডিপোজিট বা এফডি (FD) নিয়মে পরিবর্তন
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-এর নির্দেশিকা অনুযায়ী ফিক্সড ডিপোজিটের সুদের হারের নিয়মে পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলিকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে তাদের ওয়েবসাইটে এফডি-র সুদের হারের আপডেট দিতে হবে। একই সঙ্গে, একই দিনে জমা হওয়া এফডি-র ক্ষেত্রে অভিন্ন সুদের হার বজায় রাখতে হবে, যাতে কোনো বৈষম্য না থাকে।