OMG! ক্রিকেট খেলা নিয়ে ১০ গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৪০ জন
বাংলাদেশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১০টি গ্রামের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৫৪ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় হামলাকারীরা ৩ থেকে ৪টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। সংঘর্ষে আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার সময় ভাঙ্গা কে এম কলেজ মাঠে পৌরসভা ও আলগী ইউনিয়নের কিছু যুবকদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে প্রথমে মারামারির সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার কাপুড়িয়া সদরদী, হোগলাডাঙ্গি সদরদীসহ আশপাশের গ্রাম ও আলগী ইউনিয়নের সোনাখোলা, মাজারদিয়া, বালিয়াচরাসহ আশপাশের গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে চলা সংঘর্ষ ৩টা পর্যন্ত দুই পক্ষে ১০ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। পুলিশের ভূমিকায় বড় ধরনের ক্ষতি থেকে শতশত দোকানপাট রক্ষা পায়।
ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, সকালে কয়েকজন যুবক কে এম কলেজ মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে তাদের অভিভাবকরা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৪ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।