IAS পদে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতিতে! দিব্যা মিত্তলের ভিডিও বোমাতেই কাঁপছে দেশ, বড় ঘোষণা প্রাক্তন আমলার

দেশের চাকরি ছেড়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন হাইপ্রোফাইল প্রাক্তন IAS আধিকারিক দিব্যা মিত্তল। সম্প্রতি একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর ভিডিও বার্তা প্রকাশ করে তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। আর তাঁর এই পদক্ষেপে দেশের রাজনৈতিক আঙিনায় শুরু হয়ে গিয়েছে প্রবল জল্পনা।

নিজের বিস্ফোরক ভিডিও বার্তায় দিব্যা মিত্তল বলেন, “নমস্কার, আমি দিব্যা মিত্তল। কয়েক দিন আগে আমি IAS পদ থেকে ইস্তফা দিয়েছি এবং আপনাদের মনে অনেক প্রশ্ন রেখে দিয়েছি। কয়েক দিন কোনো উত্তর দিইনি, কারণ কাজটা বড় ছিল এবং আমি সাহস সঞ্চয় করছিলাম। কিন্তু আজ সেই প্রশ্নগুলির উত্তর দিতে এসেছি। এরপর কী? কার সঙ্গে এবং কোথা থেকে? প্রথম প্রশ্ন—এরপর কী? সোজা উত্তর, রাজনীতি।”

তিনি আরও যোগ করেন, “মানুষ আমাকে বলেছে, তুমি তো সবকিছুই হয়ে গিয়েছ, এবার আর কী হতে চাও? আমি তাঁদের কণ্ঠস্বর হতে চাই, যাঁদের কণ্ঠ কোনো দফতর পর্যন্ত পৌঁছতে পারে না এবং পৌঁছলেও তা শোনা হয় না। আর আমি আমার দেশের স্বাধীনতার ৮০ বছরের হিসাব চাই।”

আমলা জীবনের চাঞ্চল্যকর অভিজ্ঞতা ও ক্ষোভ
নিজের দীর্ঘ আমলা জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রাক্তন এই আইএএস অফিসার বলেন, পাহাড়ি এলাকায় জল ও স্কুলের অভাব থেকে শুরু করে ভূমিহীন মানুষের অধিকার—প্রতিটি ক্ষেত্রেই প্রশাসনের চরম উদাসীনতা তিনি দেখেছেন। সাধারণ মানুষের ফাইল চাপা পড়ে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “ইচ্ছা থাকলে পাহাড়ও পথ করে দেয়, আর ইচ্ছা না থাকলে একটি ফাইলই পাহাড় হয়ে দাঁড়ায়। আমি সেই স্কুলগুলির হিসাব চাই।”

দুর্নীতি ও সিস্টেমের ফাঁকফোকর নিয়ে তোপ দেগে দিব্যা বলেন, “সংবিধান তো বলে, সবার উপরে মানুষ। তাহলে ন্যায়বিচারের জন্য তাঁকে কেন এখানে-সেখানে ঘুরে বেড়াতে হবে? উপর থেকে যা দেওয়া হয়, তা অনুগ্রহ হতে পারে, কিন্তু ন্যায়বিচার তো অধিকার।”

প্রচলিত রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক
ঐতিহ্যগত বা গতানুগতিক রাজনৈতিক দলগুলির ক্ষমতার লড়াইকে একহাত নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি কোনো নির্দিষ্ট পতাকার তলে বা দলের সঙ্গে রাজনীতি করতে আসেননি। তাঁর ভাষায়, “যে পতাকার তলায় দাঁড়িয়ে ৮০ বছরে হিসাব বদলায়নি, সেই পতাকার তলায় দাঁড়িয়ে হিসাব চাওয়া যায় না। তাই আমি রাজনীতি করব কোনো দলের সঙ্গে নয়, শুধুমাত্র আপনাদের সঙ্গে, শুধুমাত্র মানুষের সঙ্গে।”

কোন রাজ্য থেকে শুরু হবে তাঁর এই নতুন লড়াই? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিব্যা মিত্তল জানান, উত্তরপ্রদেশের মাটির সঙ্গেই তাঁর আত্মিক যোগ রয়েছে। উত্তরপ্রদেশের মাটিই তাঁকে চিনিয়েছে এবং এখান থেকেই শুরু হবে তাঁর নতুন লড়াই। আমলাতান্ত্রিক গণ্ডি পেরিয়ে এক ঝাঁঝালো রাজনৈতিক বার্তার মাধ্যমে দিব্যার এই ময়দানে নামা দেশের রাজনীতিতে আগামী দিনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *