‘অন্যের সিঁথির সিঁদুর নিয়ে আর মাথা ঘামাতে চাই না!’ গোবিন্দার সঙ্গে দূরত্বের গুঞ্জনের মাঝেই বিস্ফোরক সুনীতা

গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেতা গোবিন্দার ব্যক্তিগত জীবন। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তাঁর সম্পর্ক এবং গণেশ পুজোয় কোমলের সিঁথির সিঁদুর নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই কলকাতায় এক ঝটিকা সফরে এসে সোজাসাপটা কায়দায় সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন গোবিন্দা-পত্নী সুনীতা আহুজা। আজকাল ডট ইন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আর জলঘোলা করতে নারাজ।

কী বললেন সুনীতা আহুজা? সুনীতা অত্যন্ত শান্ত গলায় বলেন, “১৫ বছর বয়স থেকে গোবিন্দার সঙ্গে আমার প্রেম। তারপর বিয়ে। আমাদের দাম্পত্য জীবনের ৩৮টি বছর কেটে গেল। ও যেভাবে আছে, তাতে যদি আনন্দ পায়, তবে সেরকমই থাকুক। আমি মন থেকে চাই ও ভালো থাকুক, আনন্দে থাকুক।” বিতর্ককে দূরে সরিয়ে রেখে তিনি এখন নিজের মতো করে নতুন জীবন শুরু করতে চান এবং নিজের কেরিয়ারে মন দিতে চান।

কলকাতার টান ও টলিউডে কাজের ইচ্ছে: কথাসন্দর্ভে উঠে আসে তিলোত্তমা কলকাতার সঙ্গে সুনীতার নিবিড় সম্পর্কের কথা। তিনি জানান, বহু বছর ধরেই কলকাতায় তাঁর যাতায়াত এবং রুবি মোড়ের কাছে তাঁর একটি নিজস্ব বাড়িও রয়েছে। পাশাপাশি সুনীতা প্রকাশ করেছেন তাঁর বাংলা ছবি প্রেমের কথাও। ঋতুপর্ণ ঘোষের কাজের প্রশংসার পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেন যিশু সেনগুপ্ত, দেব এবং জিতের কথা। হাসিমুখে সুনীতা জানান, তিনি সাবলীলভাবেই বাংলা বুঝতে পারেন এবং মাছের ঝোল ও কলকাতার এই শহরটা তাঁর দারুণ পছন্দের। স্বামীর ব্যক্তিগত জীবনের বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সুনীতার এই নতুন অধ্যায় শুরু হতে চলেছে টালিউডের হাত ধরেই!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *