‘ফ্ল্যাট কেনার আগে এই কাজ না করলেই পস্তাবেন!’ বাড়ি বা অফিস নেওয়ার গোপন তথ্য জানাবে ট্রাই?

নতুন বাড়ি বা অফিস কেনা কিংবা ভাড়া নেওয়ার সময় এতদিন লোকেশন, বাজেট বা সুযোগ-সুবিধাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বাড়ি বা ফ্ল্যাটে ঢোকার পর যদি দেখা যায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল, ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর কিংবা বারবার কল ড্রপ হচ্ছে, তবে সমস্ত আনন্দ মাটি হয়ে যায়। গ্রাহকদের এই বড় সমস্যার স্থায়ী সমাধান করতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। কোনও প্রপার্টি বুক করার আগেই তার ডিজিটাল কানেক্টিভিটি কতটা শক্তিশালী, তা জানার জন্য একটি অভিনব রেটিং প্ল্যাটফর্ম চালু করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি।
কী এই ডিজিটাল কানেক্টিভিটি রেটিং (DCR)? TRAI-এর নতুন উদ্যোগ অনুযায়ী, এই রেটিং সিস্টেমের মাধ্যমে একটি বিল্ডিংয়ের মোবাইল ও ইন্টারনেট কানেক্টিভিটির পরিকাঠামো কতটা উন্নত, তা খুব সহজেই যাচাই করা যাবে। এর জন্য প্রতিটি বিল্ডিংকে ১ থেকে ৫ স্টার-এর মধ্যে রেটিং দেওয়া হবে। ফলে কোনো ফ্ল্যাট, বাড়ি বা অফিস স্পেস কেনার বা ভাড়া নেওয়ার আগে প্রস্পেক্টিভ বায়ার বা টেন্যান্টরা সহজেই সেই প্রপার্টির ডিজিটাল পরিকাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারবেন। এই প্ল্যাটফর্মে একটি পাবলিক সার্চ সুবিধা রাখা হয়েছে, যেখানে বিল্ডিংয়ের নাম দিয়ে বা কিউআর কোড (QR Code) স্ক্যান করে ডিজিটাল সার্টিফিকেট ও রেটিং যাচাই করা সম্ভব।
কীভাবে মাপা হবে ঘরের ভিতরের নেটওয়ার্ক? TRAI-এর এই ডেডিকেটেড মোবাইল অ্যাপ ব্যবহার করে অনুমোদিত রেটিং এজেন্সিগুলি বেসমেন্ট, লিফট বা বড় মাল্টি-স্টোরি বিল্ডিংয়ের মতো দুর্বল সিগন্যালযুক্ত জায়গাগুলিতে গিয়ে নেটওয়ার্ক ও ইন্টারনেট স্পিড পরীক্ষা করবে। মূলত চারটি বিষয়ের ওপর ভিত্তি করে এই স্টার রেটিং দেওয়া হবে—
-
ফাইবার-অপটিক রিডিনেস: হাই-স্পিড ফাইবার ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য বিল্ডিং কতটা প্রস্তুত।
-
মোবাইল নেটওয়ার্ক অ্যাভেলাবিলিলিটি: বিল্ডিংয়ের অভ্যন্তরে মোবাইল সিগন্যাল কেমন রয়েছে।
-
ইন-বিল্ডিং সলিউশন (IBS): ঘরের ভেতরে মোবাইল কানেক্টিভিটি উন্নত করার বিশেষ ব্যবস্থা আছে কি না।
-
ওয়াই-ফাই ইনফ্রাস্ট্রাকচার: প্রয়োজনীয় ওয়াই-ফাই পরিকাঠামো উপলব্ধ কি না।
বাড়ি বা ফ্ল্যাট বদলানোর কথা ভাবছেন এমন সাধারণ মানুষের কাছে ট্রাইয়ের এই DCR প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপ অত্যন্ত কার্যকরী ও সময়োপযোগী একটি হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।