৫৪ বছর বয়সেই বিধ্বস্ত চেহারা! অর্থাভাব ও মারাত্মক শারীরিক অসুস্থতার লড়াইয়ে আজ বড় নিঃসঙ্গ ভারতের প্রাক্তন তারকা

ক্রিকেট ময়দানে একদিন যাঁদের জুটি কাঁপিয়ে দিত প্রতিপক্ষ বোলারদের বুক, আজ তাঁদের জীবনের ছবিটা সম্পূর্ণ আলাদা। ভারতীয় দলের প্রাক্তন মারকাটারি ব্যাটার বিনোদ কাম্বলির শারীরিক অবস্থার অবনতি নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল ক্রিকেট বিশ্বে। বেশ কিছুদিন ধরেই শারীরিক, মানসিক এবং চরম আর্থিক অনটনে ভুগছেন ৫৪ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার। বর্তমানে মহারাষ্ট্রের থানের একটি প্রবীণ নাগরিক চিকিৎসা কেন্দ্রে (Elderly Care Center) তাঁর চিকিৎসা চলছে। সম্প্রতি তাঁর একটি নতুন ভিডিও প্রকাশ্যে আসার পরই ভক্তদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সামনে আসা সেই ভিডিওতে দেখা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে কাম্বলি ঠিকমতো কথাও বলতে পারছেন না। তবে এত কষ্টের মধ্যেও তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন এবং ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও কর্মীদের পরিষেবার ভূয়সী প্রশংসা করেছেন। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এখানকার মানুষের কাছ থেকে তিনি প্রচুর ভালোবাসা ও সম্মান পাচ্ছেন এবং এখানে থাকলে তাঁর মনেই হয় না যে তিনি বাড়ির বাইরে আছেন।

দীর্ঘ লড়াই ও শারীরিক অবনতি: কেরিয়ারের শুরু থেকেই একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন কাম্বলি। ২০১৩ সালে প্রথমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর ধমনিতে ব্লকেজ থাকায় অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়। এরপর ২০২৪ সালের শেষদিক থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে শুরু করে। প্রস্রাবে সংক্রমণ, পেশিতে মারাত্মক টান, মাথা ঘোরা এবং জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসায় ধরা পড়েছিল যে তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছে এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক সমস্যাও দেখা দিয়েছিল। এর আগে ২০২৪ সালের অগস্ট মাসে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে ঠিকমতো হাঁটতে না পারার দৃশ্যে দেখা গিয়েছিল।

বন্ধুর হাত ধরেই চলছে লড়াই: এই কঠিন সময়ে কাম্বলির পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর শৈশবের বন্ধু ও ক্রিকেট লিজেন্ড সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ছোটবেলার বন্ধুকে সমস্ত দিক থেকে আর্থিক ও নৈতিক সাহায্য করে চলেছেন সচিন, যার ফলেই আজ এই কঠিন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে কাম্বলির পক্ষে। মুম্বইয়ের শিবাজি পার্কে রমাকান্ত আচরেকরের কোচিংয়ে একসঙ্গে ক্রিকেট পাঠ শুরু করা দুই বন্ধুর এই দৃশ্য আজও অনুরাগীদের মনকে ছুঁয়ে যায়। ক্রিকেট ময়দানের রূপকথার নায়কদের এমন পরিণতি দেখে আজ শোকস্তব্ধ গোটা দেশবাসী।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *