‘পেট্রোল লাগবে না এক ফোঁটাও, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি!’ লিটারপ্রতি খরচ মাত্র ২৫ টাকা, বড় ঘোষণা নীতিন গড়কড়ীর

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও বিতর্কের মাঝেই এক অত্যন্ত বড় এবং যুগান্তকারী ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ী। তাঁর দাবি, আগামী অক্টোবর মাসেই সম্পূর্ণভাবে ইথানল চালিত গাড়ি বাজারে আসছে, যা চালাতে আর এক ফোঁটা পেট্রোলেরও প্রয়োজন পড়বে না। আর এই গাড়িতে যাতায়াত করতে লিটারপ্রতি মাত্র ২৫ টাকার মতো খরচ পড়বে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, আগামী অক্টোবর মাসে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে টয়োটার বহুল প্রতীক্ষিত ‘ইনোভা ফ্লেক্স-ফুয়েল কার’ (Innova Flex-Fuel Car)। আর এই নতুন গাড়ির উদ্বোধনেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। নিতিন গড়কড়ীর দাবি অনুযায়ী, এই গাড়িটি ১০০ শতাংশ ইথানল বা ফ্লেক্স ফুয়েলে চলার পাশাপাশি চলার সময় প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম।

ইথানল নিয়ে কী বলছেন মন্ত্রী? ইথানল ব্যবহার নিয়ে সাম্প্রতিক নানা সমালোচনার জবাব দিয়ে গড়কড়ী জানিয়েছেন, বর্তমানে বিশ্বের ১৯টি দেশে সাফল্যের সঙ্গে ইথানল ব্যবহার করা হচ্ছে এবং ভারতেও এখনও পর্যন্ত এ বিষয়ে বড় কোনো নেতিবাচক অভিযোগ সামনে আসেনি। শুধু টয়োটা নয়, এর আগে জুন মাসেই মারুতি সুজুকিও দেশের প্রথম ফ্লেক্স ফুয়েল গাড়ি সামনে এনেছিল, যা ই২০ (E20) থেকে শুরু করে বিশুদ্ধ পেট্রোল—সবরকম জ্বালিতেই চলতে পারে।

কৃষক ও কর্মসংস্থানের ওপর জোর: শুধুমাত্র গাড়ি চালুই নয়, এর জেরে দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষকরা বড় পরিমাণে লাভবান হবেন বলে মত প্রকাশ করেছেন মন্ত্রী। ইথানলের উৎপাদন বাড়লে দেশের কৃষকদের আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনই পেট্রোল ও ডিজেলের ওপর ভারতের আমদানির নির্ভরতাও অনেকটাই কমবে। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তে অ্যাপ-ভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও বিশেষ জোর দিচ্ছেন তিনি। বৈদ্যুতিক ও হাইড্রোজেন চালিত গাড়ির পাশাপাশি ১০০ শতাংশ ইথানল চালিত গাড়িই আগামী দিনে ভারতের পরিবহণ ব্যবস্থাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *