পলিউশন ঠেকাতে বড় পদক্ষেপ! বছরে ১ লক্ষ গাড়ি পরীক্ষার আলট্রা-মডার্ন সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজধানীর বায়ু দূষণ রোধে এবং যানবাহন চলাচল সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ করতে এক যুগান্তকারী পদক্ষেপ করল দিল্লি সরকার। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার বুরারিতে একটি অত্যাধুনিক এবং দেশের অন্যতম বৃহৎ স্বয়ংক্রিয় পরীক্ষাকেন্দ্র (ATS) উদ্বোধন করেছেন। এখন থেকে মানুষের চোখের আন্দাজে নয়, বরং নিখুঁত প্রযুক্তির সাহায্যে যন্ত্রই বলে দেবে আপনার গাড়িটি চলাচলের উপযুক্ত কি না।

কী এই স্বয়ংক্রিয় পরীক্ষাকেন্দ্র বা এটিএস? বুরারিতে চালু হওয়া এই পাঁচ লেনের নতুন পরীক্ষাকেন্দ্রটি এক বছরে প্রায় ১ লক্ষ যানবাহনের ফিটনেস পরীক্ষা করতে সক্ষম। এর মধ্যে প্রায় ৪০,০০০ ভারী মোটরযান এবং ৬০,০০০ হালকা মোটরযান অন্তর্ভুক্ত রয়েছে। সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সেন্টারে গাড়ির ব্রেক, সাসপেনশন, হেডলাইট, সাইড-স্লিপ, নির্গমনের মাত্রা (Emission) এবং আন্ডারবডি নিখুঁতভাবে পরীক্ষা করা হবে। এর ফলে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অনিয়মের সমস্ত রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে বলে মনে করছে প্রশাসন।

দূষণ নিয়ন্ত্রণে বছরব্যাপী বিশেষ পরিকল্পনা: উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দিল্লিতে বায়ু দূষণ মোকাবেলায় কেবল শীতকালের অস্থায়ী পদক্ষেপগুলি যথেষ্ট নয়। পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, সবুজায়ন, ইলেকট্রিক্যাল ভেহিক্যাল এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে দূষণ রোধকে একটি বছরব্যাপী স্থায়ী প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

পাশাপাশি, আগামী ১ অক্টোবর থেকে পিইউসি (PUC) বা দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট সংক্রান্ত নিয়ম কঠোর করা হচ্ছে। বৈধ শংসাপত্র ছাড়া রাস্তায় গাড়ি নামলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রযুক্তির মাধ্যমে পিইউসি কেন্দ্রগুলির ওপর নজরদারি আরও জোরদার করা হবে।

দিল্লির মোট ক্ষমতা আড়াই লাখে উন্নীত: রাজ্যের পরিবহন মন্ত্রী ডঃ পঙ্কজ কুমার সিং জানিয়েছেন যে, নন্দ নগরী, টেকখণ্ড এবং এখন বুরারিতে এটিএস চালু হওয়ার ফলে দিল্লিতে স্বয়ংক্রিয় যানবাহন পরীক্ষার মোট বার্ষিক ক্ষমতা আড়াই লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেছে। এর ফলে বাণিজ্যিক যানবাহন মালিকরা এখন নিজেদের বাড়ির কাছেই দ্রুত ও আধুনিক ফিটনেস পরীক্ষার সুবিধা পাবেন। বুরারিতে রেকর্ড সময়ের মধ্যে নির্মিত এই হাই-টেক কেন্দ্রটি রাজধানী দিল্লির পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ করে তুলতে এক বিশাল ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *