সিটের নিচেই সাক্ষাৎ যমদূত! ট্রেনের গেটে গিয়ে লুকাল বিশাল কালাচ, রেলের নজরদারি নিয়ে বড় প্রশ্ন

চলন্ত ট্রেনের কামড়ায় ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ যমদূত! ট্রেনের মধ্যে যাত্রী সুরক্ষার যে বেহাল দশা, ফের একবার তা জলজ্যান্ত প্রমাণ করল এক আতঙ্কের ঘটনা। শনিবার রাতে কাটিহার থেকে কলকাতাগামী কাটিহার–হাওড়া এক্সপ্রেসে দেখা মিলল এক ইয়া বড় বিষধর কালাচ সাপের। ট্রেনের ভেতরে এত বড় বিষাক্ত সাপের অবাধ বিচরণ দেখে চরম আতঙ্কে শিউরে ওঠেন যাত্রীরা।

সিটের তলা থেকে সটান দরজার আড়ালে!

জানা গিয়েছে, শনিবার রাতে কাটিহার–হাওড়া এক্সপ্রেসের এক নন-এসি রিজার্ভেশন কামড়ায় ঘটনাটি ঘটে। একটি সাইড লোয়ার বার্থের তলায় কুণ্ডলী পাকিয়ে বসে ছিল বিষাক্ত কালাচ সাপটি। আচমকা সেটি বের হতেই নজরে আসে যাত্রীদের। নিমেষের মধ্যে কামড়া জুড়ে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা তড়িঘড়ি সিট ছেড়ে সরতে শুরু করলে সাপটি আস্তে আস্তে দরজার দিকে চলে যায় এবং ট্রেনের দরজার ঠিক পিছনে গিয়ে আত্মগোপন করে।

সাপের সঙ্গেই রাতভর যাত্রা, রেলের নজরদারি কোথায়?

যাত্রীদের অভিযোগ, খবর পেয়েও সময়মতো পৌঁছায়নি রেলের উদ্ধারকারী দল। ততক্ষণে সাপটি ট্রেনের দরজার আড়ালে এমনভাবে লুকিয়ে পড়ে যে অনেক খুঁজেও তার হদিস পাওয়া যায়নি। এর ফলে গোটা রাত চরম আতঙ্ক আর ভয়ের মধ্যে বিষধর সাপের সঙ্গে একই কামড়ায় প্রাণ হাতে নিয়ে সফর করতে বাধ্য হন যাত্রীরা। রবিবার সকালে ট্রেনটি হাওড়া কারশেডে পৌঁছালে পুরো কামড়া পরিষ্কারের সময় ফের সাপটির সন্ধান চালানো হবে বলে জানানো হয়েছে।

কেন বাড়ছে এই বিপদ?

এমনিতেই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। তার ওপর বর্তমানে বিহারের বিস্তীর্ণ অঞ্চল মারাত্মক বন্যা কবলিত হওয়ায় সাপেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচুতে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, বন্যার কারণেই হয়তো কোনোভাবে ট্রেনটিতে সাপ উঠে পড়েছিল। তবে যাত্রীদের নিরাপত্তা ও কামড়ার রক্ষণাবেক্ষণে রেল কর্তৃপক্ষের যে ভয়াবহ ঘাটতি ও ঢিলেঢালা মনোভাব রয়েছে, তা আরও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিল এই চাঞ্চল্যকর ঘটনা। ইতোমধ্যেই ট্রেনের কামড়ায় সাপের ঘুরঘুর করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং রেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগও জমা পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *