যে বিশ্ববিদ্যালয়ে একসময় পড়াশোনা, সেখানেই অমর হয়ে রইল মনমোহন সিংহের প্রতিকৃতি!

আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে ফের ভারতের নাম উজ্জ্বল করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং। ব্রিটেনের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অফ কেমব্রিজে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো তাঁর প্রতিকৃতি বা পোর্ট্রেট। প্রাক্তন এই ছাত্রের এমন অভাবনীয় অর্জনে উচ্ছ্বসিত দেশ বিদেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মহল।
এদিন কেমব্রিজে মনমোহন সিংহের পোর্ট্রেট উন্মোচনের সিদ্ধান্তকে ভূয়সী প্রশংসা করেছেন অর্থনীতিবিদ তথা ভারত সরকারের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু। সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, অত্যন্ত আনন্দিত যে কেমব্রিজে মনমোহন সিংহের পোর্ট্রেট উন্মোচিত হয়েছে। পৃথিবীর অন্যতম সম্মানীয় রাষ্ট্রনেতা উনি। একসময়ে মনমোহনের সঙ্গে কাজের সুবাদে তাঁর মেধার খুব কাছ থেকে সাক্ষী থাকা কৌশিক বসু আরও যোগ করেন, দৃঢ়ভাবে বলা যায় যে মেধা, বিনয় এবং সততার এক বিরল সংমিশ্রণ ছিলেন তিনি, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
শিক্ষা প্রতিষ্ঠানগুলির ইতিহাসে প্রাক্তনী হিসেবে এমন প্রতিকৃতি স্থান পাওয়া অত্যন্ত বিরল ঘটনা হিসেবে গণ্য করা হয়। কেমব্রিজের মাটিতে ড. মনমোহন সিংয়ের এই সম্মান ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে রইল।