সেনাবাহিনীতে অফিসার হওয়ার স্বপ্ন অধরা কেন থেকে যায়? জেনে নিন এনডিএ পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন ও নম্বর বিভাজন!

ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা এবং বিমান বাহিনীতে অফিসার হিসেবে যোগ দেওয়ার জন্য প্রতি বছর লক্ষাধিক তরুণ-তরুণী ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) পরীক্ষায় অংশ নেন। কিন্তু এই পরীক্ষার জটিল প্যাটার্ন এবং কঠোর সিলেকশন প্রক্রিয়ার কারণে বহু শিক্ষার্থীই প্রথম ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষাতেই বাদ পড়ে যান। তাই এনডিএ পরীক্ষায় সফল হতে হলে এর প্রশ্নপত্র ও মার্কিং স্কিম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।
১৮০০ নম্বরের সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া
এনডিএ-র চূড়ান্ত মেধাতালিকা তৈরি হয় মোট ১৮০০ নম্বরের ওপর ভিত্তি করে। এর মধ্যে ৯ নম্বরের লিখিত পরীক্ষা এবং বাকি ৯ নম্বরের এসএসবি (SSB) ইন্টারভিউ নেওয়া হয়, যা টানা ৫ দিন ধরে চলে।
লিখিত পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন
লিখিত পরীক্ষাটি মূলত দুটি প্রধান সেকশনে বিভক্ত থাকে:
-
গণিত বা ম্যাথমেটিক্স (Mathematics): এই সেকশনে মোট ১২০টি বহু বিকল্পভিত্তিক বা এমসিকিউ (MCQ) প্রশ্ন থাকে, যার মোট পূর্ণমান ৩০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য আড়াই নম্বর দেওয়া হয় এবং এই পেপারটি সমাধানের জন্য আড়াই ঘণ্টা সময় পাওয়া যায়।
-
জেনারেল এবিলিটি টেস্ট বা জিএটি (GAT): এই পেপারে মোট ১৫০টি প্রশ্ন থাকে, যার পূর্ণমান ৬০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর ধার্য করা হয়েছে। এর মধ্যে জিকে (GK) থেকে ৪০০ নম্বরের ১০০টি প্রশ্ন এবং ইংরেজি থেকে ২০০ নম্বরের ৫০টি প্রশ্ন করা হয়। জিএটি পেপারের জন্যও আড়াই ঘণ্টা সময় নির্ধারিত থাকে।
নেগেটিভ মার্কিংয়ের নিয়ম
এনডিএ লিখিত পরীক্ষায় ভুলের জন্য নম্বর কেটে নেওয়ার কড়া নিয়ম বা নেগেটিভ মার্কিং রয়েছে। গণিত সেকশনে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৮৩ নম্বর কাটা হয়। অন্যদিকে, জিএটি সেকশনে প্রতিটি ভুল উত্তরের জন্য ১.৩৩ নম্বর কেটে নেওয়া হয়। তাই পরীক্ষার হলে প্রতিটি উত্তর অত্যন্ত সতর্কতার সঙ্গে করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।