গোবিন্দার অনুপস্থিতিতে ডান্স করে বাপ্পাকে ঘরে আনলেন সুনীতা! কী এমন ঘটল আহুজা পরিবারে?

দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। চারদিকে উৎসবের আমেজ, প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে ভক্তদের ভিড়। এর মাঝেই বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে গোবিন্দার পরিবার। প্রতিবারের মতো এবারও ধুমধাম করে বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে অভিনেতার মুম্বইয়ের বাড়িতে। তবে এবারের পুজোয় একটু অন্য ছবি দেখা গেল। স্বামী গোবিন্দা বিদেশে থাকায়, এবার একা হাতেই গণপতিকে বাড়িতে নিয়ে এসেছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা।
কেন নিজেই বাপ্পাকে আনলেন সুনীতা?
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা জানান, সাধারণত গোবিন্দা বা তাঁদের ছেলেই গণপতিকে বাড়িতে আনেন। কিন্তু গত এক বছরে বাপ্পার আশীর্বাদে তিনি প্রচুর খ্যাতি ও সাফল্য পেয়েছেন। নিজের কেরিয়ার ও পরিশ্রমের সাফল্যকে উৎসর্গ করেই তাই এবার তিনি নিজেই গান-নাচ করে সগর্বে বাপ্পাকে ঘরে ফিরিয়েছেন। সুনীতার কথায়, “আমি খুব পরিশ্রম করেছি এবং আমার কাজও খুব ভালো চলেছে। তাই আমি ঠিক করি, এবার নিজের হাতে গণেশকে আনব।”
শাশুড়ি নির্মলা দেবীর শুরু করা পারিবারিক ঐতিহ্যকে টিকিয়ে রাখার কথা জানিয়ে সুনীতা বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, এই পুজো নিয়মিত এভাবেই চালিয়ে যাবেন। সাধারণত তাঁরা দেড় দিনের জন্য গণপতি বাড়িতে রাখেন, কারণ বেশি দিন রাখলে নিখুঁতভাবে সমস্ত নিয়মকানুন পালন করতে হয়।
গোবিন্দা ফিরছেন কবে?
উৎসবের মাঝেই গোবিন্দার মার্কিন মুলুকে থাকার বিষয়টি নিয়ে চর্চা শুরু হলেও সুনীতা নিশ্চিত করেছেন যে অভিনেতা আজ রাতেই দেশে ফিরছেন। তিনি জানান, “গোবিন্দা জি আমেরিকায় আছেন, রাতে ফিরবেন। যদি উনি ক্লান্ত থাকেন, তাহলে আজ দর্শনের জন্য আসবেন না, কাল আসবেন। এটা তো ওঁরই বাড়ি, তাই আসতেই হবে।”
এদিকে রবিবার সন্ধ্যায় সুনীতা আহুজার বাড়ির বাইরে ঢোলের তালে নাচতে দেখা যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। একদিকে যখন সারা দেশ গণেশ আরাধনায় মগ্ন, তখন গোবিন্দার অনুপস্থিতিতে সুনীতার এই একা হাতে পুজো সামলানোর মুহূর্তটি অনুরাগীদের নজর কেড়েছে।