ট্রেনে ঘুমালেই গন্তব্য পার? এই একটা ভুল করলেই সোজা জেল বা জরিমানা! রেলের নিয়ম জানেন তো?

ট্রেন যাত্রার ক্লান্তি দূর করতে ঘুমিয়ে পড়া খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু লম্বা দূরত্বের ট্রেন যাত্রায় অনেকেই ঘুমের ঘোরে নিজের গন্তব্য স্টেশনটি (Train Station Missed) পেরিয়ে যান। ঘুম যখন ভাঙে, ততক্ষণে ট্রেন ছুটছে অন্য কোনো অচেনা শহরের দিকে। এমন পরিস্থিতির মুখোমুখি যদি আপনিও কখনো পড়েন, তবে আতঙ্কিত না হয়ে জেনে নেওয়া দরকার রেলের সঠিক নিয়মগুলি কী বলছে।
স্টেশন পেরিয়ে গেলে কী করবেন আর কী করবেন না? রেলের গাইডলাইন:
১. পরের স্টেশনে নেমে পড়ুন: গন্তব্য পেরিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারলে ভয় না পেয়ে পরবর্তী সুবিধাজনক স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে আবার আপনার গন্তব্যের দিকে যাওয়ার জন্য নতুন টিকিট কেটে ফিরতে হবে। পুরোনো বা আগের টিকিট দেখিয়ে উল্টো দিকের ট্রেন ধরে ফিরে আসা যাবে— এমন ধারণা সম্পূর্ণ ভুল।
২. টিটিই (TTE)-র সাহায্য নিন: স্টেশন পার হয়ে যাওয়ার বিষয়টি লুকিয়ে না রেখে দ্রুত ট্রেনের টিটিই বা রেলকর্মীদের জানান। তাঁরা আপনাকে পরবর্তী স্টেশনে নামা এবং টিকিটের নিয়মের বিষয়ে সঠিক দিশা দেখাতে সাহায্য করবেন। বিনা টিকিটে বা পুরোনো টিকিটে ফেরার চেষ্টা করলে রেলের নিয়মে ভারী জরিমানার মুখে পড়তে হতে পারে।
৩. ভুলেও ইমার্জেন্সি চেইন টানবেন না: স্টেশন মিস হয়ে গিয়েছে ভেবে অনেকেই মাঝপথে বা নিয়মবহির্ভূতভাবে ট্রেনের এমারজেন্সি চেইন (Alarm Chain Pulling) টেনে দেন। মনে রাখবেন, জরুরি পরিস্থিতি ছাড়া চেইন টানা আইনত অপরাধ। এর জেরে বড়সড় আইনি ঝামেলা ও জরিমানার মুখোমুখি হতে পারেন।
৪. স্মার্ট উপায় অবলম্বন করুন: এই ধরনের ঝামেলা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা। গন্তব্য স্টেশনে পৌঁছানোর অন্তত ৩০ মিনিট আগে অ্যালার্ম সেট করুন কিংবা সহযাত্রী ও কোচ অ্যাটেনডেন্টকে আগে থেকেই বলে রাখুন।