পোস্ট অফিসের এই স্কিমে এককালীন বিনিয়োগে প্রতিমাসে ৯,২৫০ টাকা আয়, জেনে নিন হিসাব

শেয়ারবাজারের অনিশ্চয়তা বা ঝুঁকির ঝামেলা এড়িয়ে যারা নিশ্চিত আয়ের পথ খুঁজছেন, তাদের জন্য নির্ভরযোগ্য ভরসা পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলি। সাধারণ মানুষের সঞ্চয় সুরক্ষিত রাখতে এবং নিয়মিত আয়ের ব্যবস্থা করতে এই স্কিমগুলি দারুণ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম সেরা বিকল্প হল পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস। এই স্কিমে একবার বিনিয়োগ করলেই প্রতিমাসে ঘরে বসে ৯ হাজার টাকার বেশি আয় করার সুযোগ রয়েছে।
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হওয়ার কারণে এখানে বিনিয়োগ করা অর্থ ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিনিয়োগকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সরকার এই প্রকল্প পরিচালনা করে থাকে। বর্তমানে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হার মিলছে এবং এই স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর।
পোস্ট অফিস এমআইএস মূলত একটি এককালীন বিনিয়োগ প্রকল্প। অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় একবারই পুরো টাকা জমা করতে হয়। এরপর প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণে সুদ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা হতে থাকে। এই স্কিমে মাত্র এক হাজার টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব।
প্রতিমাসে ৯,২৫০ টাকা নিশ্চিত আয় পাওয়ার হিসাবটি বেশ সহজ। এর জন্য আপনাকে পোস্ট অফিসে একটি যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাতে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সরকারের নির্ধারিত ৭.৪ শতাংশ সুদের হার অনুযায়ী, এই পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে প্রতিমাসে আপনার আয় দাঁড়াবে ৯,২৫০ টাকা। মেয়াদপূর্তি পর্যন্ত এই নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পূর্ণ সুদ হিসেবে নিয়মিত আপনার হাতে আসবে।