সরাসরি খুনের হুমকি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচকে! পরিবার নিয়ে চরম বিপদে অস্কার ব্রুজো

ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোকে ঘিরে ময়দানে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ক্লাবের একাংশের বিরুদ্ধে মুখ খোলার পরই এবার তাঁকে এবং তাঁর পরিবারকে সরাসরি খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন লাল-হলুদের একমাত্র আইএসএল জয়ী এই কোচ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক চাঞ্চল্যকর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা জানিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং ভারতে অবস্থিত স্পেনের দূতাবাসকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অস্কার।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে অস্কার লিখেছেন, “আমি, আমার কর্মী এবং পরিবারকে হুমকি দিয়ে প্রচুর বার্তা পাঠানো হচ্ছে। সেখানে আমাদের খুনের হুমকিও দেওয়া হচ্ছে। সমালোচনা কিংবা মত পার্থক্যের বাইরে চলে গেছে বিষয়টি। এটা স্পষ্ট হুমকি।” তাঁর সহকারী আদ্রিয়ানও একই ধরনের হুমকির মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। গত দুদিন ধরে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং তিনিও পুলিশ ও দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে শনিবার সকালে সরাসরি ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুদার নাম ধরে নিশানা করেছিলেন অস্কার। তাঁর অভিযোগ, ক্লাবের ভেতরের রাজনীতি এবং তাঁকে হেনস্তা করার নেপথ্যে ওই কর্তার হাত রয়েছে। নীতুদার নেতৃত্বাধীন ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির জেরে এই আক্রমণগুলি হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেন কোচ। ক্লাবের অভ্যন্তরীণ কোন্দল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা ফুটবল ময়দানের সীমানা ছাড়িয়ে সরাসরি কোচের পরিবারের নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনায় লাল-হলুদ শিবিরজুড়ে এখন তীব্র অসন্তোষ ও শোরগোল শুরু হয়েছে।