উৎসবের আগেই সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! কোন কোন ব্র্যান্ডের মদ কিনতে বেশি টাকা লাগবে?

দুর্গাপুজোর আনন্দ শুরুর আগেই সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে বড় ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরসুমের ঠিক দোরগোড়ায় রাজ্যে বাড়তে চলেছে দেশি মদ, বিয়ার এবং আইএমএফএল (IMFL) বা বিদেশি মদের দাম। আগামী ১ অক্টোবর থেকেই এই নতুন মূল্য কাঠামো কার্যকর করার পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WBSCL)।

নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের নিজস্ব রাজস্ব বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আবগারি খাত থেকে আয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে প্রশাসন। সম্প্রতি রাজ্য পানীয় নিগমের সদর দফতরে মদ প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। যেখানে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন দর এবং নথিভুক্তির নিয়ম বাধ্যতামূলকভাবে কার্যকর করা হবে। এমনকি যে সমস্ত ব্র্যান্ডের দাম অপরিবর্তিত থাকবে, সেগুলির ক্ষেত্রেও নতুন করে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না ঠিক কোন ব্র্যান্ডের বোতলপিছু কত টাকা বা কত শতাংশ দাম বাড়তে চলেছে। আবগারি বিধি মেনে প্রস্তুতকারক সংস্থাগুলিকে গত ৩০ জুন পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে নির্ধারিত সর্বনিম্ন মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম ঘোষণা করতে হবে। চূড়ান্ত দরপত্র জমা পড়ার পর নতুন মূল্যতালিকা প্রকাশ হলেই বিষয়টি পরিষ্কার হবে।

উৎসবের মরসুমে বাজারে যাতে মদের কৃত্রিম সংকট বা ঘাটতি তৈরি না হয়, সেদিকেও কড়া নজর রাখছে পানীয় নিগম। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে নতুন মূল্য কাঠামো কার্যকর হলেও দোকানে আগে থেকে মজুত থাকা পুরনো এমআরপি (MRP)-র স্টক লেবেলের বৈধতার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে। তবে পুজোর আগে পকেটে অতিরিক্ত টান পড়তে যে চলেছে, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে সুরাপ্রেমী মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *