মাওবাদীদের অস্ত্র ভাণ্ডারের হদিশ, কোবরা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য

প্রাক্তন মাওবাদীদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া গোপনীয় তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে সফল অভিযান চালিয়ে একটি বিশাল অস্ত্রভাণ্ডারের হদিশ পেল যৌথ বাহিনী। বাঁকুড়া জেলা পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে মাওবাদীদের লুকিয়ে রাখা বেশ কিছু আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রঘু সিং সর্দার ওরফে সাগর ওরফে বীরেন সিং এবং মীনা পাহাড়িয়া ওরফে নেপু নামের দুই ধৃত মাওবাদীকে জেরা করে এই অস্ত্রভাণ্ডারের সন্ধান মেলে। ধৃত রঘু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা সীমানা কমিটির সক্রিয় সদস্য এবং মীনা সাব জোনাল কমান্ডার হিসেবে পরিচিত। তাঁদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই ঝাড়খণ্ডের চান্ডিল জেলার কুচাই থানার অন্তর্গত আসনবনি গ্রাম লাগোয়া দলমা পাহাড়ের সিকিরাম্বা জঙ্গলে হানা দেয় যৌথ বাহিনী। জঙ্গলের নির্দিষ্ট একটি জায়গায় তল্লাশি চালিয়ে মাওবাদীদের গোপন ওই আস্তানা থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

বাঁকুড়া জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডারের মধ্যে রয়েছে দুটি ইনসাস রাইফেল, ১০০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬টি ম্যাগাজিন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া দুটি ইনসাস রাইফেলের একটি ২০০৮ সালে এবং অন্যটি ২০১৩ সালে পুলিশের কাছ থেকে ছিনতাই করেছিল মাওবাদীরা। এই অস্ত্রগুলির উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *