সন্তানের খাবার খুঁজতে গিয়েই কোটিপতি! ভারতীয় সেনার রকেট ইঞ্জিনিয়ার কীভাবে হয়ে উঠলেন সফল উদ্যোক্তা?

ভারতীয় সেনার জন্য রকেট ডিজাইনের মতো কঠিন ও উচ্চপ্রযুক্তির কাজ ছেড়ে আজ এক কোটিরও বেশি টাকার সফল ব্যবসার মালিক এক নারী। পেশাদার ইঞ্জিনিয়ার থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার এই অনুপ্রেরণামূলক গল্পটি জ্যোতি শ্রীবাস্তবের। নিজের সন্তানের জন্য স্বাস্থ্যকর ও খাঁটি খাবার খুঁজতে গিয়েই জীবনের মোড় ঘুরে যায় তাঁর।
সেনাবাহিনীর জন্য রকেট ডিজাইন করার সুবাদে জ্যোতির কর্মজীবন ছিল বেশ উজ্জ্বল। তবে মা হওয়ার পরই জীবনের অগ্রাধিকার বদলাতে শুরু করে। বিশেষ করে নিজের সন্তানকে সলিড খাবার দেওয়ার সময় বাজারে প্রচলিত প্রসেসড খাবারের ওপর ভরসা করতে পারেননি তিনি। খাঁটি ও পুষ্টিকর উপকরণের খোঁজে নেমে তিনি বুঝতে পারেন, বাজারে এমন নির্ভরযোগ্য শিশুর খাবারের মারাত্মক অভাব রয়েছে। এই ব্যক্তিগত সংকট থেকেই ২০২২ সালে উত্তরপ্রদেশের মিরাটে জন্ম নেয় তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘লিটল চেরি মম’।
বাণিজ্যিক উদ্যোগ নেওয়ার আগে নিজেকে পেশাগতভাবে প্রস্তুত করেছিলেন জ্যোতি। ইউনিসেফ থেকে ‘ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং’-এর ওপর বিশেষ সার্টিফিকেশন অর্জন করেন তিনি। এর মাধ্যমে শিশুদের শারীরিক বৃদ্ধি ও পুষ্টির খুঁটিনাটি শেখার পাশাপাশি আয়ুর্বেদের বিভিন্ন ভেষজ উপাদানের কার্যকারিতাও রপ্ত করেন। তাঁর এই ব্র্যান্ডের পণ্যের তালিকায় রয়েছে মিলেটের আটা, ইনস্ট্যান্ট দোসা মিক্স, চিনি ও গুড়হীন লাড্ডু এবং বিভিন্ন স্বাস্থ্যকর স্ন্যাকস যেমন খাখরা। বর্তমান বাজারে প্রিজারভেটিভমুক্ত এই ধরনের পুষ্টিকর খাবারের চাহিদা আকাশছোঁয়া হওয়ায় জ্যোতির এই উদ্যোগ আজ বার্ষিক এক কোটিরও বেশি টাকার ব্যবসায় পরিণত হয়েছে।