“১৫ কোটি টাকার রহস্য!”-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় পাকড়াও

শালবনির জমি দুর্নীতি মামলায় অবশেষে সিআইডির জালে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে তাঁর আইনি রক্ষাকবচ বাতিল করে দেওয়ার ঠিক পরেই কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে তাঁকে আটক করে ভবানীভবনে নিয়ে যান তদন্তকারীরা। এই হাইপ্রোফাইল গ্রেফতারে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হলেও তিনি তা কাজে লাগাননি। ফলে তাঁর রক্ষাকবচ বহাল রাখার আর কোনও অবকাশ নেই।

এর আগে শুনানিমঞ্চে রাজ্যের তরফে বিস্ফোরক দাবি করা হয় যে, গত জুন মাসেই অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছিল। সব মিলিয়ে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকার রহস্যজনক লেনদেনের হদিশ মিলেছে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী এবং কেন তিনি তদন্তকারীদের সহযোগিতা করছেন না, সেই বিষয়গুলি খতিয়ে দেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। শালবনি জমি কেলেঙ্কারিতে এই গ্রেফতারির জেরে আগামী দিনে তদন্তের জাল আরও চওড়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *