বক্স অফিসে টক্কর নাকি পিছু হঠবে? বড়দিনে মুক্তির আগেই বড় ধাক্কা খেতে পারে শাহরুখের মেগা প্রজেক্ট!

শাহরুখ খানের বহুচর্চিত মেগা প্রজেক্ট ‘কিং’ নিয়ে বলিপাড়ায় উত্তেজনার পারদ চড়ছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই তারকাখচিত ছবিতে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের মতো একঝাঁক প্রথম সারির তারকাদের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে আরও বড় চমক। বলিমহলের গুঞ্জন সত্যি হলে, দীর্ঘ ১৯ বছর পর এই ছবির মাধ্যমেই ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়।

এর আগে রানিকে সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে বলে জল্পনা রটলেও নতুন খবর বলছে অন্য কথা। ২০০৬ সালের মেগা হিট ‘কভি অলবিদা না কেহনা’ ছবির দীর্ঘ দুই দশক পর এই প্রজেক্টের হাত ধরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। যদিও এই আইকনিক কেমিস্ট্রি বড় পর্দায় ফেরার বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। ফলে অনুরাগীদের অপেক্ষা করতে হচ্ছে আরও কিছু দিন।

এদিকে শুটিংয়ের ফাঁকে ফাঁস হওয়া নানা দৃশ্য নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। সম্প্রতি নেটপাড়ায় একটি ভাইরাল হওয়া শুটিংয়ের দৃশ্য এআই প্রযুক্তির কারসাজি বলে স্পষ্ট হয়ে গেলেও, এর আগে কেপটাউনে চলা আসল শ্যুটিংয়ের কিছু ঝলক ঠিকই প্রকাশ্যে এসেছে। তবে ছবির মুক্তি ঘিরে বড়সড় বক্স অফিস সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, ঠিক এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মার্ভেলের মেগা বাজেট ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। বক্স অফিসের এই বড় লড়াই এড়াতে শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থা মুক্তির তারিখ বদলায় কি না, এখন সেটাই দেখার।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *