১ লক্ষ টাকা অনুদান থেকে মহালয়ার আগে পুজো উদ্বোধন নিষেধ! দুর্গাপুজো নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের!

বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। শুরু হয়ে গিয়েছে তারই তোড়জোড়। পালাবদলের বাংলায় এই প্রথম দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হয়েছে চরম কৌতূহল। আর ঠিক তার মাঝেই পুজো নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে একগুচ্ছ নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়।
অনুদান ও বড় পুজোগুলির প্রতি বিশেষ বার্তা
এবারের পুজোয় সমস্ত ক্লাবকে অনুদান বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে বড় পুজো কমিটিগুলোকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিয়ে বলেছেন, “বড় বাজেটের কমিটিকে অনুরোধ, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনারা সাহায্য না নিলে আমি আপনাদের ধন্যবাদ জানাব।” পাশাপাশি অনুদানের জন্য কীভাবে আবেদন করতে হবে, তার প্রক্রিয়াও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
কী কী বড় বদল আসছে এবারের পুজোয়?
-
মহালয়ার আগে উদ্বোধন নয়: বিগত সরকারের জমানায় মহালয়ার অনেক আগে থেকেই বিগ বাজেটের পুজোর উদ্বোধন শুরু হয়ে যেত। তবে এবার সেই নিয়মে দাঁড়ি টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মহালয়ার আগে কোনোভাবেই কোনো পুজোর উদ্বোধন করা যাবে না। মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা শো-র মাধ্যমে শারদোৎসবের শুভ সূচনা করা হবে।
-
কার্নিভাল বন্ধ: দশমীর পর রেড রোডের সেই বিখ্যাত কার্নিভাল প্রথা এবার সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে।
-
বিনামূল্যে বিদ্যুৎ ও দমকল: এবারের পুজোয় প্যান্ডেলগুলিতে বিদ্যুৎ ও দমকলের কোনো খরচ লাগবে না। রাজ্য সরকার এই সমস্ত মাশুল মকুব করেছে।
-
বিসর্জনের নতুন নিয়ম: বিসর্জনের ক্ষেত্রে জানানো হয়েছে যে ক্রেন ব্যবহার করা যাবে না এবং আগামী ২৪ অক্টোবরের মধ্যেই সমস্ত প্রতিমা নিরঞ্জনের কাজ সম্পন্ন করতে হবে।
পালাবদলের পর নতুন সরকারের এই প্রথম দুর্গোৎসবের প্রস্তুতি এবং কড়া নিয়মের ঘোষণা ঘিরে এখন থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে জোরদার আলোচনা।