একযোগে ৩ শহরে ৭ জায়গায় ইডি হানা! তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে কিসের খোঁজ চলছে?

সপ্তাহের শুরুতেই জোরকদমে ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা, রাঁচী এবং নয়া দিল্লি—এই তিন শহরের মোট সাতটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। সোমবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বসতবাটি, পৈতৃক বাসস্থান এবং দপ্তরে হানা দেওয়া হয়েছে।

ইডির একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘আখবার-এ-মাশরিক’ নামের একটি উর্দু সংবাদপত্রের আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চলছে। পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের কাছে দরগা রোডে অবস্থিত ওই সংবাদপত্রের অফিস এবং সাংসদের বসতবাটিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান তদন্তকারীরা। এর পাশাপাশি পার্ক সার্কাসের পি২৫৮ ঠিকানায় সাংসদের মেয়ের বাড়িতেও চলছে ম্যারাথন তল্লাশি। ওই বাড়িটিতেই বর্তমানে সাংসদ বসবাস করেন এবং তাঁর মেয়ে ও জামাই যৌথভাবে ওই সংবাদমাধ্যম পরিচালনা করে থাকেন।

কী অভিযোগ রয়েছে?
তদন্তকারী সূত্রে খবর, ওই সংবাদ সংস্থার নামে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বহু অসঙ্গতি ধরা পড়েছে। ২০২৬ সালে এই সংস্থার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ইডি এফআইআর বা ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ইডির হাতে বেশ কিছু বেনামী ও ভুঁয়ো ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান এসেছে। পাশাপাশি, একাধিক ফলস ডিপোজিট ও ঘুরপথে বেআইনিভাবে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরের তথ্যও খতিয়ে দেখছেন আধিকারিকেরা।

এই আর্থিক তছরুপের সঠিক তথ্য ও উৎস জানতে ইতিমধ্যেই সাংসদের মেয়ে এবং জামাইকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করছেন ইডি কর্তারা। একসঙ্গে তিন রাজ্যে এই আকস্মিক কেন্দ্রীয় হানায় রাজনৈতিক মহলেও তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *