সোমবারে কাজের দিনে কড়া দুর্যোগের ফালা! ১০ জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি, কোন পথে বদলাচ্ছে আবহাওয়া?

সপ্তাহের প্রথম কাজের দিনেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সপ্তাহের শুরুতেই রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) কারণে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন অংশে দফায় দফায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। পরবর্তী ৯ ও ১০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির দাপট বজায় থাকার আশঙ্কা রয়েছে। তবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে আবহাওয়া কিছুটা উন্নতির দিকে এগোবে এবং বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।