৬৬ কেজি সোনা আর ৩৩৫ কেজি রূপো! মুম্বইয়ের সবচেয়ে ধনী গণেশ মণ্ডলের সেফটি সিক্রেট ফাঁস

দেশজুড়ে এখন থেকেই আসন্ন গণেশোৎসবের প্রস্তুতি তুঙ্গে। আর এই উৎসবের ঠিক আগেই সুরক্ষার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বিরাট পদক্ষেপ নিল মুম্বইয়ের বিখ্যাত জিএসবি সেবা মণ্ডল (GSB Seva Mandal)। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই পাঁচ দিনের জমকালো উদযাপনের জন্য রেকর্ড ৭০৩.২৭ কোটি টাকার বিশাল বীমা পলিসি (Insurance Policy) করিয়েছে তারা। গত বছর এই বীমার পরিমাণ ছিল ৪৭৪ কোটি টাকা, যা এ বার এক লাফে অনেকটাই বৃদ্ধি পেল।
কী রয়েছে এই ৭০৩ কোটি টাকার কভারেজে?
কিংস্ সার্কেলের এই ঐতিহ্যবাহী মণ্ডলে মহাগণপতির মূর্তিটি সাজানো হবে ৬৬ কেজিরও বেশি সোনা এবং ৩৩৫ কেজির বেশি রূপোর গয়না ও বহুমূল্য রত্ন দিয়ে। ভক্ত ও সেবাদারদের দান করা এই বিপুল পরিমাণ সোনা-রূপোর অলঙ্কারের নিরাপত্তা এবং উৎসবে আগত লক্ষ লক্ষ ভক্তের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বিশাল অঙ্কের বীমা করানো হয়েছে বলে জানিয়েছেন মণ্ডলের মুখপাত্র অমিত পাই।
আগামী ১২ সেপ্টেম্বর রাত ৮টায় ‘বিরাট দর্শন’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার উন্মোচিত হবে এই মহামূর্তির রূপ। উৎসবের দিনগুলিতে প্রতিদিন ৪০ হাজারেরও বেশি মানুষকে ‘অন্নদান সেবা’ এবং ৫ দিনে প্রায় দুই লক্ষ মানুষকে প্রসাদ বিতরণের পরিকল্পনা নিয়েছে মণ্ডল কর্তৃপক্ষ। এছাড়া পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে এ বছর ঐতিহ্যবাহী কাগজের রসিদের পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল রসিদের ব্যবস্থা করা হয়েছে। সবমিলিয়ে, রেকর্ড পরিমাণ বীমা ও বিশাল আয়োজনের জেরে ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুম্বইয়ের এই ধনীতম গণেশ পুজো।