অবশেষে কাটল জট! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে কলকাতা হাইকোর্টে এল নতুন প্রধান বিচারপতি

অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষা। কলকাতা হাইকোর্টের নতুন স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বম্বে হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে (Ravindra V Ghuge)। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে শনিবারই সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আনুষ্ঠানিক অনুমোদনের পর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

কে এই বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে?

১৯৯০ সালে ঔরাঙ্গাবাদ থেকে আইনের ডিগ্রি অর্জনের পর বম্বে হাইকোর্টেই আইনি প্র্যাকটিস শুরু করেছিলেন রবীন্দ্র ভি ঘুগে। দীর্ঘ আইনি কেরিয়ারের পর ২০১৩ সালে তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি।

কেন এই পরিবর্তন?

চলতি বছরের গত ১৯ জুন কলকাতা হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করা বিচারপতি সুজয় পাল অবসর গ্রহণ করেন। এরপর থেকে কলকাতা হাইকোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিকে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী খুব শীঘ্রই অন্য হাই কোর্টে বদলি হতে পারেন।

উল্লেখ্য, শুধু কলকাতা হাইকোর্ট নয়, এর পাশাপাশি দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাইকোর্টেও নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। যার মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠীকে বম্বে হাইকোর্ট এবং পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রকে সংশ্লিষ্ট হাইকোর্টেরই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *