মহিলা এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা! ভারতের দাপুটে জয়ের পরই নেটপাড়ায় ঝড়

মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের দাপট বজায় রাখল ভারত। রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। ভারতের এই দুর্দান্ত জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় উঠে এসেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তা বুমেরাং হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। ভারতীয় স্পিনারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতেই পারেনি পাক ব্যাটাররা। শ্রী চরণী ও প্রেমা রাওয়াতের জোড়া আঘাতে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রা পৌঁছে যায় ভারত। ৩ উইকেট হারালেও অধিনায়ক হরমনপ্রীত কৌর (১৮*) এবং দীপ্তি শর্মা (১২*) অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
ম্যাচ জয়ের পরই নিজের পুরনো মেজাজে ধরা দেন ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক সুরে তিনি লেখেন, “আজ সানডে হ্যায় কেয়া?” যা তাঁর আগের একটি ভাইরাল মন্তব্যের কথাই মনে করিয়ে দেয়। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পর তাঁর এই জাতীয় টুইট বেশ শোরগোল ফেলেছিল।
গ্রুপ পর্বে নিখুঁত রেকর্ড বজায় রেখে টানা তিন ম্যাচ জিতে ছ’পয়েন্ট সংগ্রহ করল ভারত। এর আগে থাইল্যান্ড ও হংকংকেও পরাজিত করেছে তারা। অন্যদিকে, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে এখন হংকংয়ের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকতে হবে পাকিস্তানকে।