SPORTS: ৩১৭ রানের হার, তদন্তে নামছে শ্রীলংকার ক্রিকেট বোর্ড

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারে শ্রীলংকা। এই হার নিয়ে চারদিকে সমানে চলছে আলোচনা-সমালোচনা। সেই রেশ কাটতে না কাটতেই এবার হারের তদন্ত করার ঘোষণা দিলো শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ৩১৭ রানে হেরে যায় শ্রীলংকা। প্রথমে ব্যাটিং করে শুবমান গিল আর বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত স্কোরবোর্ডে তোলে ৩৯০ রানের পাহাড়। জবাবে লংকানরা গুটিয়ে যায় মাত্র ৭৩ রানে।

এমন শোচনীয় হারে ক্ষুব্ধ লংকান বোর্ড। তারা ৩১৭ রানের এই বিশাল হারের কারণ খুঁজতে তদন্তে নেমেছে। কালই লংকান দলের ম্যানেজারের কাছে বার্তা পৌঁছে গেছে। এই হারের ব্যাখ্যা দিয়ে পাঁচ দিনের মধ্যে তাঁদের জমা দিতে হবে প্রতিবেদন।

কিছুদিন আগে শ্রীলংকা ক্রিকেট অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ–ব্যর্থতা নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দলের সদস্যদের ‘ভণ্ড ধর্মগুরু’র খপ্পরে পড়ার মতো বিষয় উঠে এসেছিল।

এ ছাড়া ক্যাসিনোতে গিয়ে ঝামেলায় জড়ানো ও আর্থিক অনিয়মের বিষয় উঠে এসেছে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার দিন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলকা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *