অক্টোবর মাসেই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? হু-হু করে বাড়ছে DA-র হার!

দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৬ সালের জুলাই মাসের AICPI-IW-র রিপোর্ট। এই তথ্যের ভিত্তিতেই আর্থিক বিশেষজ্ঞরা জোরালো ইঙ্গিত দিচ্ছেন যে, খুব শীঘ্রই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR)। লেবার ব্যুরোর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসে এই সূচক ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১২ মাসের গড় মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৬৪.৩৮ শতাংশে, যার ফলে ডিএ পৌঁছাতে পারে ৬৪ শতাংশে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা করা হয়নি।

কবে নাগাদ ঘোষণা হতে পারে?

জুলাই মাসের মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা নিয়ে সরকারি স্তরে এখনও চূড়ান্ত সিলমোহর পড়েনি। তবে অতীত প্রবণতা এবং বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, আগামী অক্টোবর মাসেই কেন্দ্র এই বিষয়ে ঘোষণা করতে পারে। সাধারণত জুলাই মাসের ডিএ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে কার্যকর করা হয়ে থাকে।

বেতন বাড়বে কতটা?

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। এই হার বেড়ে ৬৪ শতাংশে পৌঁছালে কর্মচারীদের মাসিক বেতনে বড় ধরনের পরিবর্তন আসবে। উদাহরণস্বরূপ, লেভেল ১-এর একজন কর্মচারীর মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তবে ৬০ শতাংশ হারে তিনি ১০,৮০০ টাকা ডিএ পান। কিন্তু ডিএ বেড়ে ৬৪ শতাংশ হলে তা দাঁড়াবে ১১,৫২০ টাকায়, অর্থাৎ ওই কর্মীর মাসিক বেতন সরাসরি ৭২০ টাকা বৃদ্ধি পাবে।

একইভাবে, উচ্চতর পে-লেভেলের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ আরও বেশি হবে। যেমন—লেভেল ৫ কর্মচারীদের মাসিক বেতন ১,১৬৮ টাকা, লেভেল ৬ কর্মচারীদের ১,৪০০ টাকার বেশি এবং লেভেল ৭-এর (মূল বেতন ৪৪,৯০০ টাকা) কর্মচারীদের মাসিক বেতন ১,৭৯৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

বছরে দুবার ডিএ সংশোধনের নিয়ম

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার তাদের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর সংশোধন করে থাকে। সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে চলতি বছরের জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। এখন সকলের নজর রয়েছে জুলাই মাসের সংশোধিত ডিএ ঘোষণার দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *