মাত্র কয়েকটি উপকরণেই তাক লাগিয়ে দিন! আজ জন্মাষ্টমীতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘মৌরি পনির’

আজ জন্মাষ্টমী উপলক্ষে দেশজুড়ে ঘরে ঘরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। গোপালের ভোগ নিবেদনের পাশাপাশি আজ বাড়িতেও সকলে নিরামিষ খাবারই পছন্দ করেন। আর নিরামিষের দিনে পাতে পনির থাকবে না, তা কি কখনো হয়? মাছ-মাংসহীন মেনুর শোভা বাড়াতে পনিরের জুড়ি মেলা ভার। তবে একই রকম পনিরের ঝোল বা বাটার পনির খেয়ে খেয়ে অনেক সময় মুখে চড়া পড়ে যায়। এই একঘেয়েমি কাটাতে এবং স্বাদে ভিন্নতা আনতে জন্মাষ্টমীর দিনে আজই ট্রাই করতে পারেন দারুণ সুস্বাদু এক পদ—‘মৌরি পনির’।

খুব সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলা যায় এই অভিনব পদটি। হঠাৎ নিরামিষের দিনে বাড়িতে অতিথি চলে এলেও আর চিন্তায় পড়তে হবে না।

মৌরি পনিরের প্রয়োজনীয় উপকরণ:

মালাই পনির: ৩০০ গ্রাম

মৌরি বাটা: দেড় টেবিল চামচ (১৫-২০ মিনিট জলে ভিজিয়ে বেটে নেওয়া)

গোটা মৌরি: ১ টেবিল চামচ

ঘি: ৩ টেবিল চামচ

তেজপাতা: ১টি

দুধ: ১ কাপ

ময়দা: ১ চা চামচ

শুকনো লঙ্কা: ১টি

কাঁচালঙ্কা: ২-৩টি

আদা বাটা: দেড় চা চামচ

কড়াইশুঁটি: আধ কাপ

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

চিনি: আধ চা চামচ

নুন: স্বাদমতো

তৈরির সহজ প্রণালী:
প্রথমে চৌকো করে কাটা পনির সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে এক চামচ ঘিতে হালকা করে ভেজে নিতে পারেন, কিংবা চাইলে কাঁচাও রাখতে পারেন। এরপর কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোরন দিন। এর ঠিক পরেই দিয়ে দিন গোটা মৌরি এবং চেরা কাঁচা লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে এবার কড়াইতে কড়াইশুঁটি মিশিয়ে দিন।

অন্য একটি পাত্রে আধ কাপ দুধের মধ্যে ভালো করে ময়দা গুলে নিন। এবার আঁচ কমিয়ে সেই মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। কিছুক্ষণ পর তার মধ্যে একে একে মৌরি বাটা, আদা বাটা, নুন ও পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে বাকি দুধটুকুও কড়াইতে ঢেলে দিন। ঝোল হালকা ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলি তার মধ্যে ছেড়ে দিন।

এবার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে উপর থেকে থেতো করা কাঁচা লঙ্কা এবং এক চামচ ঘি ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। ব্যস, এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে সুগন্ধী ‘মৌরি পনির’। জন্মাষ্টমীর বিশেষ দিনে গরম গরম লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই অসাধারণ পদটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *