‘বিচার ব্যবস্থা কোনো দিকেই এগোচ্ছে না!’ ক্ষোভে ফেটে পড়লেন আরজি কর নির্যাতিতার মা

‘বিচার ব্যবস্থা এগোচ্ছে না’! আর জি কর-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে আবারও হতাশা প্রকাশ করলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। ঘটনার প্রায় দু’বছর কেটে গেলেও এখনও মেয়ের বিচার না মেলায় সিবিআই এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন তিনি।

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর পর বিচার পাওয়ার আশাতেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন তাঁর মা রত্না দেবনাথ। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেও মেয়ের বিচার না মেলায় এবার নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি। রত্না দেবনাথ স্পষ্টভাষায় জানিয়েছেন, বিচার ব্যবস্থা কোনও দিকেই এগোচ্ছে না এবং সবকিছু যেন থমকে রয়েছে।

তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বারবার বলা হচ্ছে অভিযুক্তরা চিকিৎসক হওয়ায় তাঁদের সহজে গ্রেফতার করা যাবে না। বিচারকের মুখেও নাকি সেই একই কথা শোনা গিয়েছে। এর তীব্র প্রতিবাদ করে মায়ের প্রশ্ন, যিনি মারা গিয়েছেন তিনিও তো একজন চিকিৎসক ছিলেন! অপরাধী অপরাধ করার পরে পেশার আড়ালে লুকিয়ে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে এই মামলার তদন্তে নতুন মোড় এসেছে। প্রমাণ লোপাটের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। ওড়িশা ও হায়দরাবাদ ঘুরে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছিলেন তিনি। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জেরা করা হবে। এর আগে এই একই মামলায় ওড়িশার বালেশ্বর থেকে গ্রেফতার হয়েছিলেন নির্মল ঘোষ। রাজনৈতিক পালাবদলের পরেও আর জি কর কাণ্ডের বিচার অধরা থাকায় পরিবার ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *