“পিঙ্ক কার্ড এখনই চালু হচ্ছে না!”-দুর্গাপুজোর আগে বাসে ফ্রিতে চড়তে পারবেন তো?

রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের বিশেষ পরিষেবা চালু করার ঘোষণা করেছিল বিজেপি সরকার। বর্তমান ব্যবস্থায় রাজ্যের সমস্ত এসি, নন-এসি এবং দূরপাল্লার সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারলেও, এর জন্য প্রধান শর্ত হিসেবে রাখা হয়েছে ‘পিঙ্ক কার্ড’। ছাত্রী, কর্মরত মহিলা এবং নিত্যযাত্রীদের যাতায়াতের খরচ কমাতে এবং শিক্ষা ও কর্মসংস্থানে তাঁদের প্রবেশাধিকার আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পিঙ্ক কার্ড আসলে কী?
বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই পিঙ্ক কার্ড। পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের জন্য এটি একটি বিশেষ সরকারি পরিচয়পত্র। এই কার্ড থাকলে শহরের লোকাল বাস থেকে শুরু করে দিঘা কিংবা দার্জিলিংয়ের মতো দূরপাল্লার সরকারি বাসেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করা যাবে। কন্ডাক্টররা যাত্রার আগে টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে কার্ডটির ফিজিক্যাল বা ডিজিটাল ভেরিফিকেশন করার পরেই ফ্রিতে বাসে ওঠার অনুমতি দেবেন।
কারা এই কার্ড পাবেন এবং কী কী নথি লাগবে?
এই সুবিধা মূলত প্রকৃত অভাবগ্রস্ত মহিলাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। উচ্চ-আয়ের পরিবার বা করদাতা মহিলারা এই সুবিধার আওতা থেকে বাদ পড়বেন। পিঙ্ক কার্ডের জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হলে কয়েকটি নির্দিষ্ট নথি জমা দিতে হবে:
-
পরিচয় ও ঠিকানা: আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড।
-
অন্যান্য: স্পষ্ট পাসপোর্ট সাইজের ছবি এবং রেজিস্ট্রেশনের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর।
কবে থেকে চালু হবে এই পরিষেবা?
সব প্রস্তুতি চললেও এখনই রাজ্যে পিঙ্ক কার্ড চালু করা সম্ভব হচ্ছে না বলেই সরকারি সূত্রে স্পষ্ট করা হয়েছে। প্রক্রিয়াটির কিছুটা কাজ এখনও বাকি থাকায় দুর্গাপুজোর আগে এই কার্ড হাতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এই মুহূর্তে ফাঁকা প্রতিশ্রুতি না দিয়ে কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুরো প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগবে এবং পুজো মিটলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।