সুশান্ত ও মেয়ের মৃত্যু কি তবে একই সূত্রে গাঁথা? সিবিআই তদন্তের নির্দেশ পেতেই চাঞ্চল্যকর মন্তব্য দিশার বাবার

অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনার মধ্যে সরাসরি যোগ রয়েছে। এমনটাই দাবি করলেন দিশার বাবা সতীশ সালিয়ান। সম্প্রতি বম্বে হাইকোর্ট দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই এই চাঞ্চল্যকর মন্তব্য সামনে এসেছে।

সিবিআইকে এই মামলায় নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণ না মিললে কাউকে যেন সরাসরি অভিযুক্ত হিসেবে গণ্য করা না হয়। আদালতের এই ঐতিহাসিক রায়ের পরই সংবাদমাধ্যম এনডিটিভি-কে প্রতিক্রিয়া দেন সতীশ সালিয়ান।

সতীশ সালিয়ান সাফ জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুত এবং তাঁর মেয়ের মৃত্যুর ঘটনার মধ্যে নিশ্চিতভাবেই যোগ রয়েছে। তিনি বলেন, এর থেকে বেশি তিনি এই মুহূর্তে কিছু বলতে চান না। তবে সত্যিটা খুব শীঘ্রই সকলের সামনে আসবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের বড় খেসারত দিতেই হবে।

উল্লেখ্য, ২০২০ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল দিশা সালিয়ানের। তার ঠিক ছদিনের মাথাতেই মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। দীর্ঘদিন ধরে এই দুই মৃত্যুর ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে নানা মহলে গুঞ্জন চললেও আদালতের নির্দেশে এবার সিবিআই তদন্তের জেরে মামলাটি নতুন মোড় নিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *