“মাতৃত্বের ছুটি শেষ হতেই কাজে ফেরা কাল!”-ব্যাঙ্ক থেকে ফেরার পথে খুন তরুণী

নিউ ইয়র্কের জমজমাট টাইমস স্কোয়্যারে এক হাড়হিম করা হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার অফিস সেরে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্তিকে। এই হামলায় ৬৮ বছর বয়সি এক বৃদ্ধও গুরুতর জখম হয়েছেন। অন্যদিকে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৪৯ বছর বয়সি হামলাকারী মহিলা পামেলারও।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সি এরিন সম্প্রতি মা হয়েছিলেন। দীর্ঘ পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘটনার দিনই তিনি প্রথম অফিসে যোগ দেন। কাজ সেরে বাড়ি ফেরার মুখেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এরিন ব্যাঙ্ক অফ আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি ফোর্ডহাম ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ব্যাঙ্ক অফ আমেরিকা এবং ফোর্ডহাম ল স্কুল কর্তৃপক্ষ।

নিহত এরিনের পরিবার ও সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র চার দিন আগেও ছোট্ট মেয়েকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে একটি হাসিমুখের ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে পাঁচ মাসের ছুটি পাওয়ার জন্য এবং মেয়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য নিজের অফিসের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন। পুলিশ জানিয়েছে, খুনের এই ঘটনার সঙ্গে প্রাথমিক ভাবে কোনো সন্ত্রাসবাদের যোগ পাওয়া যায়নি।

অন্যদিকে, হামলাকারী পামেলা ঘটনার সময় উন্মত্তের মতো ছুরি হাতে পুলিশের দিকেও তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জনবহুল টাইমস স্কোয়্যারের বুকে এমন রক্তক্ষয়ী কাণ্ডে গোটা নিউ ইয়র্ক জুড়ে তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *