হলুদ জার্সিতে কি তবে আর দেখা যাবে না ‘থালা’কে? সিএসকে ম্যানেজমেন্ট ও ধোনিকে ঘিরে চাঞ্চল্যকর সত্য সামনে এল

আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (CSK) ২৫ শতাংশ মালিকানা নাকি চেয়েছিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তবে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সিইও কাশী বিশ্বনাথন।
গত কয়েক দিন ধরেই বিভিন্ন মহলে খবর চাউর হয়েছিল যে, ধোনি সিএসকে ম্যানেজমেন্টের কাছে বড় অঙ্কের শেয়ার দাবি করেছেন। রটনা রটেছিল, ধোনি প্রথমে ২৫ শতাংশ শেয়ার দাবি করলেও ম্যানেজমেন্ট তা মাত্র ৩ শতাংশ দিতে চায়। পরবর্তীতে নাকি ধোনি তাঁর দাবি কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনলেও ম্যানেজমেন্ট সেই প্রস্তাবে রাজি হয়নি, যার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক মতবিরোধ ও মনোমালিন্য তৈরি হয়েছে।
তবে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন এই সমস্ত জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ধোনি এবং ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের মধ্যে কোনওরকম বিরোধ বা দূরত্ব তৈরি হয়নি। এই প্রতিবেদনেই তিনি ধোনির চোটের সমস্যা এবং আগামী আইপিএল মরসুমে তাঁর খেলা না খেলা নিয়েও মুখ খুলেছেন।
কাশী বিশ্বনাথন যোগ করেছেন, “ধোনি এখনও অবসরের কথা ঘোষণা করেননি। পরের মরসুমে তিনি খেলবেন না, এমন কথাও আমাদের তরফ থেকে জানানো হয়নি।” সিইও-র এই স্পষ্ট বক্তব্যের পর স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন ভক্তরা। তাঁদের বিশ্বাস, আগামী আইপিএলেও হলুদ জার্সিতেই মাঠে নেমে বিপক্ষ শিবিরে ত্রাস সৃষ্টি করবেন চেন্নাইয়ের ঘরের ছেলে ‘ক্যাপ্টেন কুল’।