পিঙ্ক কার্ড না থাকলেই কি বাস থেকে নামিয়ে দেওয়া হবে? রইল বড় আপডেট!

রাজ্যে পিঙ্ক কার্ড চালুর পর থেকেই মহিলাদের বিনামূল্যে সরকারি বাসযাত্রা শুরু হয়েছে। তবে ১ আগস্ট থেকে এই পরিষেবা চালু হলেও এখনও পর্যন্ত বহু মহিলার হাতে এই বিশেষ কার্ড এসে পৌঁছয়নি। ফলে সেপ্টেম্বর মাসে কার্ড ছাড়া বিনামূল্যে বাসে চড়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পিঙ্ক কার্ড বাধ্যতামূলক করা নিয়ে নতুন কোনো নির্দেশিকা জারি করেনি সরকার। ফলে আপাতত পুরনো নিয়মই বহাল রয়েছে। যাদের কাছে এখনও পিঙ্ক কার্ড নেই, তারা আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়েই আগের মতো সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত চালিয়ে যেতে পারবেন। তবে সরকারের তরফে নতুন কোনো নোটিফিকেশন এলেই এই নিয়মে পরিবর্তন আসতে পারে।

মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে মূলত ছাত্রী, চাকরিজীবী মহিলা এবং নিত্যযাত্রীদের সুবিধার্থেই এই পিঙ্ক কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে মহিলারা শুধু স্থানীয় রুটে নয়, বরং দিঘা বা দার্জিলিংয়ের মতো দূরপাল্লার সরকারি বাসেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। তবে এই সুবিধা মূলত আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের জন্যই রাখা হয়েছে। উচ্চ আয়ের পরিবার বা যারা স্বেচ্ছায় এই সুবিধা নিতে চান না, তাদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।

যাঁরা এখনও পিঙ্ক কার্ড পাননি বা নতুন আবেদন করতে চান, তারা অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট wb.gov.in-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট সাইজ ছবি ও সক্রিয় মোবাইল নম্বর আপলোড করে আবেদন জমা দেওয়া যাবে। এছাড়া অফলাইনে আবেদন করার জন্য গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিডিও অফিস এবং পৌর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পৌর অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা জমা দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে নথি যাচাইয়ের পরেই যোগ্য আবেদনকারীদের হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *