১৪০ কোটি ভারতবাসীকে উৎসর্গ করলেন সম্মান, তাসখন্দে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেলেন নরেন্দ্র মোদি

দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’ অর্ডারে ভূষিত করা হলো। রবিবার তাসখন্দে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির হাতে এই সম্মান তুলে দেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।

এই সম্মান প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদি জানান, এটি তাঁর জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তিনি বলেন, এই পুরস্কার কোনো একক ব্যক্তির নয়, বরং এটি ১৪০ কোটি ভারতবাসীর এবং ভারত ও উজবেকিস্তানের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক। দুই দেশের জনগণকে একসূত্রে বাঁধার উষ্ণতা, বিশ্বাস ও ভালোবাসার নিদর্শন হিসেবেই এই পুরস্কারকে অভিহিত করেছেন তিনি।

বক্তব্যের সময় ‘দোস্তলিক’ শব্দটির প্রসঙ্গ টেনে মোদি বলেন, ভারতের দৈনন্দিন জীবনে ‘দোস্ত’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। উজবেকিস্তান সেই বন্ধুত্বের প্রকৃত অর্থকেই আজ মূর্ত করে তুলেছে। দুই দেশের এই বিশেষ অংশীদারিত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দু’দিনের সরকারি সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছনোর পর থেকেই তাঁকে ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাসখন্দের একটি হোটেলে প্রবাসী ভারতীয়দের তরফে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সামাজিক মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে মোদি লিখেছিলেন, প্রবাসীরাই মূলত ভারত ও উজবেকিস্তানের মধ্যে সুদৃঢ় সেতুবন্ধনের কাজ করে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *