যমজ দুই ভাই, ২৬ বছর পর হলো একসঙ্গে মৃত্যু, জেনেনিন কিভাবে?
সুমের সিং এবং সোহান সিং। দুজনেরই বয়স ২৬। যমজ দুই ভাই তারা। থাকতেন একে অপরের থেকে ৯০০ কিলোমিটার দূরে। এক ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রায় একইভাবে মৃত্যু হলো অন্যজনের।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সুমের এবং সোহানের বাড়ি ভারতের রাজস্থানের ‘সরনো কা তলা’ নামে এক প্রত্যন্ত গ্রামে। পেশাগত কারণে তারা একে অপরের থেকে দূরে থাকতেন। গুজরাটের সুরতে একটি কাপড়ের কারখানায় কাজ করতেন সুমের। অন্যদিকে সোহান থাকতেন জয়পুরে। শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
এরই মধ্যে বুধবার (১১ জানুয়ারি) রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান সুমের। এদিকে ফোনে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি পৌঁছান সোহান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে তিনিও বাড়ির ছাদে একা হাঁটছিলেন। হঠাৎই ছাদে থাকা জলের ট্যাঙ্কে পড়ে তিনিও মারা যান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ ভাইদের মৃত্যুতে শোকস্তব্ধ সুমের-সোহানের পরিবার।
পুলিশ কর্মকর্তা সুরেন্দ্র সিং বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে পা পিছলে ছাদ থেকে পড়ে যান সুমের। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পর বৃহস্পতিবার ভোরে জলের ট্যাংকে পড়ে মারা যান সোহানও। তবে সোহান আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।