অসম-বাংলা সীমান্তে বিরাট রহস্য! যাত্রীবাহী বাসে তল্লাশি চালাতেই বেরিয়ে এল ২২ লক্ষ টাকার পাহাড়!

অসম থেকে বাংলায় প্রবেশের মুখে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে কোচবিহারের অসম-বাংলা সীমান্ত লাগোয়া বক্সিরহাটের ভাঙা পাকরি নাকা চেকিং পয়েন্টে এই ঘটনা ঘটে। ব্যাগ ভর্তি এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কীভাবে উদ্ধার হলো টাকা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বক্সিরহাটের সীমান্তে বাংলায় প্রবেশের সময় যাত্রীবাহী বাসটিতে রুটিন তল্লাশি চালায় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। তল্লাশি চলাকালীন বাসের ভিতর থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করেন পুলিশকর্মীরা। এরপর সবার উপস্থিতিতে সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ আধিকারিকদের। ব্যাগের ভেতরে থরে থরে সাজানো ছিল নগদ টাকা। গণনা করে দেখা যায়, ওই ব্যাগ থেকে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
কী বলছে পুলিশ?
বিপুল পরিমাণ এই টাকার মালিকানা বা দাবিদার হিসেবে কেউ সামনে আসেননি। ঘটনার পর ওই বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
তদন্তকারী অফিসারদের প্রাথমিক অনুমান, এত টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে কোনো অবৈধ লেনদেন বা অপরাধমূলক যোগ রয়েছে কি না, সে বিষয়েও গভীর তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। অসম থেকে পশ্চিমবঙ্গে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে নগদ টাকা উদ্ধারের ঘটনাটি নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে।