‘আর কোর্টে যাব না!’ পুলিশের অনুমতি না মিললে সরাসরি জনগণের পারমিশন নেব, বিজেপিকে হুশিয়ারি মমতার

বিজেপির সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক কর্মসূচির অনুমতি পাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। এ প্রসঙ্গে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী দিনে পুলিশ যদি কোনও রাজনৈতিক সভার অনুমতি না দেয়, তবে তাঁরা আর আদালতের দ্বারস্থ হবেন না। সরাসরি সাধারণ মানুষের কাছ থেকেই অনুমতি নিয়ে কর্মসূচি পালন করা হবে।

এদিন কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালিত হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মেয়ো রোডের বদলে ক্যাথিড্রাল রোডেই সভা করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। পুলিশের তরফ থেকে কোনো সাড়া না মেলায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তাদের। আদালত নির্দিষ্ট সময় এবং সমর্থক সংখ্যা বেঁধে দিয়ে ওই স্থানে সভার অনুমতি দেয়। এর আগে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনের ক্ষেত্রেও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তৃণমূলকে।

এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জন্য বারবার কোর্ট থেকে অনুমতি কেন নিতে হবে? আদালতের সময় নষ্ট করব কেন? কোর্টে এমনিতেই সাধারণ মানুষের অনেক মামলা ঝুলে থাকে।” এর পরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আপনাদের কাছে সভা করার অনুমতি চেয়েছি, আপনারা দেননি। কে কোথায় মিটিং করবে, তা নিয়ে এত ভয় কিসের? এতই যদি ভয় থাকে, তবে নির্বাচনে জয়লাভ করলেন কোত্থেকে?”

এদিনের ভাষণে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, পুলিশ সম্পূর্ণভাবে বিজেপির দলদাস হিসেবে কাজ করছে এবং বিরোধীদের উপর অত্যাচার চালাচ্ছে। মিথ্যা মামলায় কলেজ পড়ুয়াদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মমতা বলেন, “যে পুলিশরা অতীতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করত, তারা দানবিক ছিল না। কিন্তু আজ বাংলার পুলিশের একাংশ বুলডোজার চালাচ্ছে, টিয়ার গ্যাস ও গুলি চালাচ্ছে।” পাশাপাশি, পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আজ যাঁরা বলপ্রয়োগ করছেন, কাল তাঁদের পরিবারও এর শিকার হতে পারে। সরকার চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি জানান, আইন অমান্যকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধেও ভবিষ্যতে আইনি পদক্ষেপ করা হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়া হবে।

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ ও কর্পোরেশনের অভিযান নিয়েও তীব্র আক্রমণ শানান মমতা। তাঁর দাবি, কোনও বৈধ নোটিশ ছাড়াই সেখানে অভিযান চালানো হয়েছে। সবমিলিয়ে, পুলিশি সন্ত্রাস অবিলম্বে বন্ধ করার দাবি তুলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ইঙ্গিতই দিলেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *