ফিফার মেগা দুর্নীতির চাঞ্চল্যকর ফাঁস! কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই স্পোর্টস মার্কেটিং কর্তার

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের অন্যতম চর্চিত ফিফা দুর্নীতি কাণ্ডে এবার বড়সড় ও চাঞ্চল্যকর স্বীকারোক্তি সামনে এল। ফিফার উচ্চপদস্থ আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং কর্তা হুগো জিনকিস এবং তাঁর ছেলে মারিয়ানো জিনকিস। বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার লাভজনক মিডিয়া এবং মার্কেটিং স্বত্ব হাসিল করার জন্যই এই ঘুষ দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৫ সালে ফিফাকে ঘিরে বিশ্ব ফুটবলে এক বিশাল দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। সেসময় ফিফা, কনকাকাফ (CONCACAF) এবং কনমেবল (CONMEBOL)— এই তিন সংস্থাকে ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৫ সালের মে মাসে জুরিগের একটি পাঁচতারা হোটেল থেকে আকস্মিকভাবে ফিফার ৭ জন শীর্ষ আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল। এই কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারকেও তাঁর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল।
আর্জেন্টিনার বিখ্যাত স্পোর্টস মার্কেটিং সংস্থা ‘ফুল প্লে’ (Full Play)-র সহ-মালিক হুগো ও মারিয়ানো মার্কিন আদালতে জমা দেওয়া নথিতে জানিয়েছেন, তাঁরা আন্তর্জাতিক ফুটবল আধিকারিকদের ১০ কোটি ডলারের বেশি বাণিজ্যিক ঘুষ দিয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ও কোপা আমেরিকা-সহ একাধিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব নিজেদের কব্জায় আনা।
মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি ‘ডিফার্ড প্রসিকিউশন এগ্রিমেন্ট’ (Deferred Prosecution Agreement) করেছেন এই বাবা-ছেলে। এর ফলে তাঁদের বিরুদ্ধে ঝুলে থাকা প্রতারণার অভিযোগগুলি প্রত্যাহার করা হলেও, শাস্তিস্বরূপ তাঁদের বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁদের কাছ থেকে প্রায় ৫ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২০ কোটি টাকা, বাজেয়াপ্ত করা হবে। ২০১৫ সালের সেই চাঞ্চল্যকর তদন্তের পর দুই আর্জেন্টাইন স্পোর্টস মার্কেটিং কর্তার এই নতুন স্বীকারোক্তি আন্তর্জাতিক ফুটবল মহলে ফের একবার বড়সড় শোরগোল ফেলে দিয়েছে।