২১ লক্ষ যাত্রীর চাপ সামলাতে বিরাট মাস্টারপ্ল্যান! পুজোয় শিয়ালদহে কীসের প্রস্তুতি শুরু করল রেল?

আসন্ন পুজোর মরশুমে যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুতি আরও জোরদার করল শিয়ালদহ ডিভিশন। পুজোর ভিড় ২০২৬-এর কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ, টিকিট পরিষেবা, যাত্রী চলাচল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে সম্প্রতি শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী রাজীব সাক্সেনার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি ও পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা ও নজরদারি:
গত দুর্গাপুজোর সময় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর সর্বোচ্চ ফুটফল রেকর্ড হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাত্রী চলাচল, ব্যস্ত সময় এবং সম্ভাব্য ভিড়ের পরিস্থিতি নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হচ্ছে। প্রবেশ ও বহির্গমন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে যাতে যাত্রীদের পারস্পরিক ক্রস-মুভমেন্ট কমানো যায়। প্ল্যাটফর্মের ধারণক্ষমতা ও ট্রেন চলাচলের পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ (RPF) কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন। সিসিটিভি (CCTV)-ভিত্তিক নজরদারির মাধ্যমে ভিড়ের ঘনত্বের ওপর কড়া নজর রাখা হবে।
২৪ ঘণ্টা টিকিট পরিষেবা ও নতুন জোন:
যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে অতিরিক্ত বুকিং ক্লার্কের পাশাপাশি ২৪ ঘণ্টা এটিভিএম (ATVM) পরিষেবা এবং ফ্যাসিলিটেটররা উপস্থিত থাকবেন। হ্যান্ড-হেল্ড টার্মিনাল (HHT)-এ সজ্জিত কর্মীরা ভিড়ের মধ্যে থেকেই টিকিট ইস্যু করবেন। এছাড়া শিয়ালদহ স্টেশনের সেন্ট্রাল গেটকে মেল/এক্সপ্রেস যাত্রীদের জন্য পৃথক পথ করা হয়েছে এবং দমদম ও ব্যারাকপুর স্টেশনেও পরিকাঠামোগত পরিবর্তন এনে যাত্রীচাপ কমানোর ব্যবস্থা করা হচ্ছে।
পরিকাঠামো উন্নয়ন ও জরুরি প্রস্তুতি:
শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির কাজ চলছে এবং বিধাননগর সাবওয়েতেও উন্নয়নের কাজ করা হচ্ছে। জরুরি পথ, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার জন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমন্বিত পরিকল্পনা ও উন্নত পরিষেবার মাধ্যমে পুজোর সময় লক্ষ লক্ষ যাত্রীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত শিয়ালদহ ডিভিশন।