প্রধানমন্ত্রী হিসেবে দেশের পছন্দ কে? জেনেনিন কি বলছে সমীক্ষা রিপোর্ট

দেশজুড়ে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? এই চর্চার মধ্যেই সামনে এল ‘ইন্ডিয়া টুডে-সিভোটার’ (India Today-CVoter) প্রকাশিত সর্বশেষ ‘মুড অফ দ্য নেশন’ (MOTN) সমীক্ষার রিপোর্ট। আর এই জনমত সমীক্ষায় উঠে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর ও কৌতূহলোদ্দীপক তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঠিক পরেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে মত দিয়েছেন ৪৮.৭ শতাংশ উত্তরদাতা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী পেয়েছেন ২৭.১ শতাংশ ভোট। তবে সবাইকে অবাক করে দিয়ে তামিলাগা ভেট্রি কাজগাম (TVK)-এর প্রতিষ্ঠাতা বিজয়কে এই পদের জন্য পছন্দ করেছেন ৯.২ শতাংশ মানুষ। তাঁর ঠিক পরেই রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, তামিলনাড়ুতে বিজয়ের দলের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক থাকলেও জাতীয় রাজনীতিতে তাঁর এই উত্থান বেশ তাৎপর্যপূর্ণ।

তালিকায় বিজয়ের ঠিক পরেই রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (২ শতাংশ), সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (১.৭ শতাংশ), ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ (১.৩ শতাংশ) এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (১.২ শতাংশ)। শুধু প্রধানমন্ত্রী পদেই নয়, বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতার প্রশ্নেও রাহুল গান্ধীর (২৯ শতাংশ) পর ১২.২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বিজয়।

গত ১ জুলাই থেকে ২৫ অগাস্টের মধ্যে প্রায় ২৫ হাজার মানুষের সরাসরি সাক্ষাৎকার এবং লক্ষাধিক ট্র্যাক করা ডেটার ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে। লোকসভা নির্বাচনে এখনও দীর্ঘ সময় বাকি থাকলেও, তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে অভিনেতা-রাজনীতিক বিজয়ের জাতীয় স্তরে এই প্রভাব বিস্তার দেশের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *