বিয়ের ক’দিন বাদেই নরকদর্শন! স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে পুলিশে কোন জনপ্রিয় অভিনেত্রী?

গায়ে হাত তোলা থেকে নোংরা গালিগালাজ! বিয়ের ক’দিনের মধ্যেই স্বামী-শাশুড়ির নামে পুলিশে অভিযোগ কোন অভিনেত্রীর?
গ্ল্যামার জগতের চেনা আলো, টিআরপি-র চাকচিক্য আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের আড়ালে অনেক সময়ই লুকিয়ে থাকে এক নির্মম বাস্তব। জনপ্রিয় টিভি অভিনেত্রী অদিতি শর্মা, যাঁকে দর্শকরা ‘রব সে হ্যায় দুআ’ বা ‘আপোলেনা-সপনো কি উঁচি উড়ান’-এর মতো জনপ্রিয় শো-তে দেখেছেন, তাঁরই ব্যক্তিগত জীবন এখন চরম বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মুম্বইয়ের গোরেগাঁও পুলিশ স্টেশনে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার গুরুতর অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী।
পুলিশে কী কী অভিযোগ জানিয়েছেন অদিতি? অভিনেত্রীর অভিযোগের তালিকাটি বেশ দীর্ঘ ও শিউরে ওঠার মতো। কাঠগড়ায় তোলা হয়েছে তাঁর স্বামী বিদ্যানন্দ কৌশিক, ৬৫ বছরের শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ২৯ বছরের ননদ কীর্তি কৌশিককে। অদিতির অভিযোগ অনুযায়ী—
-
শারীরিক ও মানসিক নির্যাতন এবং হেনস্থা করা হতো তাঁকে।
-
প্রকাশ্যেই তাঁর চরিত্রহনন ও গালিগালাজ করা হতো।
-
এমনকি তাঁর বিয়ের সোনার গয়না ও হিরের আংটি পর্যন্ত আটকে রাখার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৮৫, ৩১৬(২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোরেগাঁও পুলিশ স্টেশনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
যেভাবে শুরু হয়েছিল অশান্তি: অনলাইন অ্যাক্টিং কোর্সের সুবাদে ২০২১ সালে অদিতির সঙ্গে পরিচয় হয় বিদ্যানন্দের। দীর্ঘ প্রেমের পর ২০২৪ সালের নভেম্বর মাসে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয় চরম অশান্তি। সামান্য এক কাপ কফি নিয়ে তর্কাতর্কি থেকে শুরু করে চরিত্র নিয়ে সন্দেহ ও পরকীয়ার মিথ্যা অপবাদ দেওয়া শুরু হয়। এমনকি সংসারের খরচ চালানোর বদলে উল্টো অদিতির কাছে টাকা চাওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। দীর্ঘ দিন বিষয়টি গোপনের চেষ্টা করলেও অবশেষে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন এই ছোটপর্দার জনপ্রিয় মুখ।