নিখোঁজ বহু ভারতীয় পর্যটক! নেপালের ভয়াবহ বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কী কথা হল মোদীর?

‘পাশে আছে ভারত’, নেপালের হড়পা বানের ভয়াবহতা নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী
নেপালে ভয়াবহ হড়পা বান ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠায় তিনি সরাসরি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এই বিপদের দিনে ভারত যে সবসময় নেপালের পাশে রয়েছে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
মানবিক সহায়তার আশ্বাস ও উদ্ধারকাজ: এক্স (পূর্বে টুইটার)-এ এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছি এবং নেপালে বন্যার কারণে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে ভারতের মানুষ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। নেপালকে সমস্ত ধরনের সম্ভাব্য মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণকাজে আমাদের দলগুলি ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।”
ভয়াবহ বিপর্যয়ের পরিসংখ্যান: বুধবার সকালে ভোতে কোশি নদীতে হঠাৎ জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার জেরে নেপালের রাসুয়া এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৩২ জন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। শুধু তাই নয়, এই বিপর্যয়ে নিখোঁজ প্রায় ২৯১ জন বিদেশি নাগরিকের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় পর্যটকও রয়েছেন বলে জানা গিয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য ইতিমধ্যেই জরুরি হেল্পলাইন নম্বর (+977 985 131 6807 এবং +977 970 910 7500) চালু করা হয়েছে। ভারতীয় উদ্ধারকারী দলগুলিও নেপাল প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।