১০ হাজারের জায়গায় সোজা ২২ হাজার! পাঞ্জাবের শিক্ষকদের জন্য বড় মাস্টারস্ট্রোক আনলেন মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের আদর্শ স্কুলগুলোতে (Adarsh Schools) কর্মরত শিক্ষকদের সম্মান এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভগবন্ত মান সরকার। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তাঁদের বেতন এক ধাক্কায় ১২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন করেছেন। সরকারের এই পদক্ষেপে রাজ্যের প্রায় ১,১০০ জন শিক্ষক সরাসরি উপকৃত হবেন।
বেতনে বিরাট উল্লম্ফন ও অন্যান্য সুযোগ-সুবিধা
এই নতুন সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের মাসিক বেতন প্রায় ১০,০০০ টাকা থেকে বেড়ে সোজা ২২,০০০ টাকার বেশি হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধিই নয়, কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya)-এর আদলে শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও উন্নত পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে এই সিবিএসই (CBSE) স্বীকৃত আদর্শ স্কুলগুলিতে ১৫ হাজারেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সরকারের এই পদক্ষেপে পঠনপাঠনের মান আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
পূর্ববর্তী সরকারগুলির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী
শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কড়া ভাষায় আক্রমণ করেন আগের সরকারগুলিকে। তিনি বলেন, রাজ্যের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পেছনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও বিগত সরকারগুলি বরাবরই শিক্ষক সমাজকে অবহেলা করে গেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ। বিগত প্রায় দুই দশক ধরে অত্যন্ত সামান্য বেতনের মধ্যেও এই শিক্ষকরা চরম নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে আসছেন। আমাদের সরকার এই দীর্ঘদিনের অবিচার দূর করার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও স্পষ্ট করে জানান যে, শিক্ষকরা যদি আর্থিকভাবে সুরক্ষিত এবং সম্মানিত বোধ করেন, তবেই কোমলমতি ছাত্রছাত্রীরা সঠিক ও মানসম্মত শিক্ষা লাভ করতে পারবে। সমাজের প্রতিটি শ্রেণীর কল্যাণ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সাধনে রাজ্য সরকার সবসময় বদ্ধপরিকর।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী হরপাল সিং চিমা, শিক্ষামন্ত্রী হরজোট সিং বেস এবং মুখ্যসচিব কে.এ.পি. সিনহা সহ প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা।